পুজোয় দুর্ভোগ কমাতে কাঁটা বাঁধে ড্রাম সেতুর উদ্বোধন
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: পুজোয় দুর্ভোগ থেকে স্বস্তি দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। বৃহস্পতিবার দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধে ড্রাম সেতুর উদ্বোধন করলেন মানিকচকের বিধায়ক ও ব্লক প্রশাসনের কর্তারা। নৌকা ছেড়ে এবার সড়কপথে যোগাযোগ হওয়ায় খুশি দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুরের বাসিন্দারাও। তবে স্থায়ী সমাধানে লক গেট করার দাবি তুলেছেন ভূতনির বাসিন্দারা।

Advertisement

ভূতনিতে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দক্ষিণ চণ্ডীপুরের জমা জল ফুলহারে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। তারপর থেকেই গত এক মাসেরও বেশি সময় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর পঞ্চায়েতের বাসিন্দাদের। যদিও প্রশাসনের পক্ষ থেকে চালু ছিল বিনামূল্যে নৌকা পরিষেবা। তবে এই জলযন্ত্রণা থেকে রেহাই দিতে ড্রাম সেতুর কাজ শুরু করেছিল প্রশাসন। এদিন সেই কাজ পরিদর্শন করেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, মানিকচকের বিডিও অভিজিৎ চৌধুরী, মানিকচক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পল্লবী মণ্ডল সহ অন্যরা। পরে ফিতে কেটে  ড্রাম সেতুটির উদ্বোধন করেন তাঁরা। 
২০০ টির মতো প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে প্রায় ৮০ মিটার লম্বা সেতুটি। নিরাপত্তার খাতিরে সেতুর দু’ধারে দেওয়া হয়েছে বাঁশ। তবে আপাতত এই সেতু দিয়ে মানুষ, বাইক এবং টোটো যাতায়াত করতে পারবে। 
পঞ্চমীতে এই ড্রাম সেতু চালু হওয়ায় খুশি দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুরের বাসিন্দারা। দীনবন্ধু মণ্ডল বলেন, আমরা ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি ড্রাম সেতু তৈরি করে চলাচলের যোগ্য করা হবে। সড়কপথে যাতায়াত ব্যবস্থা ঠিক করায় মানুষের অনেক সুবিধা হবে। রাত হলেও নির্দ্বিধায় যাতায়াত করতে পারবেন। তবে বার বার বাঁধ না কেটে লকগেট করে স্থায়ী সমাধান করা হোক বলে দাবি জানিয়েছেন দীনবন্ধুরা।
মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল বলেন, দুর্গাপুজোর মুখে দুই পঞ্চায়েতের বাসিন্দাদের মুখে হাসি ফোটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ড্রাম সেতুটির উদ্বোধন করা হল। পরবর্তীতে কানপুর আইআইটির বিশেষজ্ঞ দলের নির্দেশমতো এই কাটা বাঁধে স্থায়ীভাবে লকগেট করা হবে।  নিজস্ব চিত্র