Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমারগ্রামে চা শ্রমিকদের সামনে রেখে ভোট বৈতরণী পেরতে মরিয়া রাজনৈতিক দলগুলি

সামনেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনকে লক্ষ্য রেখে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। চা বলয় হোক কিংবা কৃষি বলয় সর্বত্রই ভোট নিজেদের দিকে টানতে মরিয়া চেষ্টা চালাবে শাসক-বিরোধী উভয় শিবির

কুমারগ্রামে চা শ্রমিকদের সামনে রেখে ভোট বৈতরণী পেরতে মরিয়া রাজনৈতিক দলগুলি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

সংবাদদাতা, কুমারগ্রাম: সামনেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনকে লক্ষ্য রেখে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। চা বলয় হোক কিংবা কৃষি বলয় সর্বত্রই ভোট নিজেদের দিকে টানতে মরিয়া চেষ্টা চালাবে শাসক-বিরোধী উভয় শিবির, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিধানসভা ভোটের আগে চা বলয়ের সংগঠন নিয়ে কিছুটা চিন্তিত গেরুয়া শিবির। চা বলয়ের নড়বড়ে সংগঠন নিয়ে বিধানসভা ভোটের বৈতরণী পার হওয়া সম্ভব কি না, তা নিয়ে চিন্তিত বিরোধী দলের নেতৃত্ব। 

Advertisement

কুমারগ্রাম বিধানসভায় মোট ১২টি চা বাগান রয়েছে। এই বিধানসভায় চা শ্রমিকদের ভোট নির্বাচনে জেতার ক্ষেত্রে যে বড় ফ্যাক্টর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্য সরকারের একের পর এক প্রকল্প, সুবিধার জন্য শ্রমিকদের ভোট তৃণমূলের পক্ষেই যাবে বলে আশাবাদী শাসক শিবির। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিঞ্জ বলেন, মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জন্য নানা সুবিধা চালু করেছেন। এছাড়াও চা বাগানগুলিতে আমাদের সংগঠন খুবই শক্তিশালী। আমরা সারা বছরই চা শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকি। তাই বিধানসভা নির্বাচনে শ্রমিকরা আমাদের পক্ষেই থাকবে। 
তবে বিজেপি নেতৃত্বের দাবি, বাগানগুলিতে তাদের সংগঠন খুবই শক্তিশালী। বিগত দিনেও চা শ্রমিকরা বিজেপির পক্ষে ছিল। এবারের নির্বাচনেও শ্রমিকরা তাদের পক্ষেই থাকবে। বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাত বলেন, কুমারগ্রাম বিধানসভার সব ক’টি চা বাগানেই আমাদের শ্রমিক সংগঠনের শক্তিশালী ইউনিট রয়েছে। এছাড়াও বাগানগুলিতে দলীয় সংগঠন তো রয়েছেই। তাই চা বাগানে আমরা দুর্বল, এই ভাবনা ভুল। বাগান এলাকার মানুষ আমাদের সঙ্গে রয়েছে। বিধানসভা ভোটে তা প্রমাণিত হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ