গাজিয়াবাদে নিকাশি জলে পোলিও ভাইরাসের নমুনা, সতর্ক স্বাস্থ্য দপ্তর
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরে পোলিও আতঙ্ক। নিকাশির জলে পোলিও ভাইরাসের নমুনা মেলার পরই যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমেছে স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে, দুনদাহেরা নিকাশি প্রক্রিয়াকরণ প্লান্টের দূষিত জলে ভ্যাকসিন-ডিরাইভড পোলিও ভাইরাস (ভিডিভিপি) টাইপ-১ এর অস্তিত্ব মিলেছে। তারপরই গাজিয়াবাদের ১২টি এলাকায় পোলিও অভিযান শুরু হয়েছে। 

Advertisement

পোলিও মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রতি মাসেই নিকাশির জলের নমুনা পাঠানো হয় দিল্লির পরীক্ষাগারে। নোডাল অফিসার ডা. আর কে গুপ্তা জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে পাঁচ বছরের কম শিশুদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে তাদের টিকাকরণের বিষয়টিও। মোট দেড় লক্ষ শিশুর উপর সমীক্ষা করতে ১০৭টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।