Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬

অমৃতসরে ফের পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি, আহত এসআই

ফের অমৃতসরে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি। ডিউটি সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পাঞ্জাব পুলিশের সাব-ইন্সপেক্টর সুখচৈন সিং।

অমৃতসরে ফের পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি, আহত এসআই
  • ৫ অক্টোবর, ২০২৬ ১২:১৭
Prefer us on Google

চণ্ডীগড়, ৫ অক্টোবর: ফের অমৃতসরে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি। ডিউটি সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পাঞ্জাব পুলিশের সাব-ইন্সপেক্টর সুখচৈন সিং। রাস্তায় পিছন থেকে আচমকাই ধেয়ে এল আর একটি মোটরবাইক। তাতে থাকা তিন দুষ্কৃতী কোনও কথা না বলেই পুলিশকর্মীকে তাক করে গুলি চালিয়ে পালিয়ে গেল। গুলি গিয়ে লাগল তাঁর বাঁ হাতে। একটু জন্য রক্ষা পেলেন তিনি। রবিবার সন্ধ্যার এই ঘটনায় ফের একবার অমৃতসরের পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুখচৈন সিং অমৃতসরে সরকারি রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর হিসাবে কর্মরত। রবিবার ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তিন যুবক একটি মোটরসাইকেলে করে তাঁর পিছন থেকে আসে এবং আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিতে বাঁ হাতে আঘাত পান ওই পুলিশকর্মী। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। হামলার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা, অপরাধচক্রের যোগ কিংবা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক সামনে রেখে তদন্ত চলছে। হামলাকারীদের শনাক্ত করতে বিভিন্ন সূত্রও খতিয়ে দেখা হচ্ছে। 

যখন অমৃতসরে পুলিশকর্মীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে ঠিক সেই সময়ে ফের আরো একবার এই গুলি করার ঘটনায় যথারীতি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর কিছুদিন আগেই, অমৃতসরের ভগতানওয়ালা শস্য বাজারে দুই মোটরসাইকেল আরোহীর গুলিতে খুন হন এএসআই হরজিৎ সিং। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক পুলিশকর্মীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। 

পরপর এই ধরনের ঘটনায় পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু প্রশ্ন তুলেছেন, 'আর কত পুলিশকর্মী আক্রান্ত হবেন?' তাঁর অভিযোগ, পাঞ্জাবে প্রতিদিনই গুলি, খুন ও তোলাবাজির ঘটনা সামনে আসছে এবং সাধারণ মানুষের মধ্যে গ্যাংস্টারদের ভয় বাড়ছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ