Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিচারিকার শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ! জোর করে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা সাপুরজিতে শোরগোল

এ যেন ‘রক্ষকই ভক্ষক’! সাত সকালে আবাসনে কাজে এসেছিলেন এক মহিলা পরিচারিকা।

পরিচারিকার শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ! জোর করে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা সাপুরজিতে শোরগোল
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এ যেন ‘রক্ষকই ভক্ষক’! সাত সকালে আবাসনে কাজে এসেছিলেন এক মহিলা পরিচারিকা। আবাসনের ভিতরেই শ্লীলতাহানির শিকার হলেন তিনি। শুধু তাই নয়, জোর করে তাঁকে ফ্ল্যাটে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়। কোনোরকমে নিরাপত্তারক্ষীদের সাহায্য নিয়ে নিজের সম্মান রক্ষা করেন ওই মহিলা। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি নিজেই পুলিশ কনস্টেবল! নিউটাউনের সাপুরজির এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। ওই মহিলা এ ব্যাপারে টেকনোসিটি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ওই কনস্টেবলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ। সাপুরজির সুখবৃষ্টি আবাসনে কাজে এসেছিলেন ওই মহিলা। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তিনি যখন হেঁটে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি হঠাৎ এসে তাঁর হাত ধরে টানাটানি শুরু করেন। প্রথমে তাঁকে টাকার প্রলোভন দেখিয়ে নিজের রুমে নিয়ে যেতে চায়। মহিলা ওই ব্যক্তিকে এড়িয়ে দ্রুত হাঁটতে থাকেন। অভিযোগ, তখনই তাঁর হাত ধরে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তিনি কোনোরকমে দৌড়ে পালিয়ে যান। ওই ব্যক্তিও তাঁর পিছু ধাওয়া করেন। মহিলা সোজা নিরাপত্তারক্ষীদের কাছে যান। সেখানে গিয়ে বিষয়টি বললে, তিনি রেহাই পান।
চরম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তিনি বাড়ি ফিরে যান। পুরো বিষয়টি তাঁর স্বামীকে জানান। স্বামী ওই আবাসনে যান। নিরাপত্তারক্ষী সহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেন। অভিযুক্তের ফ্ল্যাটটি খুঁজে বের করেন। সেই ফ্ল্যাটের ছবি তোলেন তিনি। তারপর ‘নির্যাতিতা’ মহিলা টেকনোসিটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু। তারপরই জানা যায় অভিযুক্তের পরিচয়। তিনি কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের চন্দনেশ্বর থানার কনস্টেবল। বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক বলেন, এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত কনস্টেবলকে নোটিস পাঠানো হয়েছে। তদন্তের জন্য তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ সহ আরও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে লালবাজারের এক পদস্থ আধিকারিক বলেন, বিধাননগর পুলিশের অধীনে একটি মামলা হয়েছে ওই কনস্টেবলের বিরুদ্ধে। নোটিস পেয়েছেন তিনি। আইনানুগ ব্যবস্থা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ