Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অপরাধ রুখতে কড়া পদক্ষেপ পুলিশের বাঁকুড়ায় ফোল্ডেড নম্বর প্লেট লাগানো বাইকের রমরমা

বাঁকুড়ায় ফোল্ডেড নম্বর প্লেট লাগানো বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়ুন।

অপরাধ রুখতে কড়া পদক্ষেপ পুলিশের বাঁকুড়ায় ফোল্ডেড নম্বর প্লেট লাগানো বাইকের রমরমা
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় ফোল্ডেড নম্বর প্লেট লাগানো বাইকের রমরমা লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া সদর ট্রাফিক অভিযান চালিয়ে ওই ধরনের নম্বর প্লেটযুক্ত কয়েকটি বাইক আটক করেছে। বাইক চালকদের জেরা করে পুলিশ নম্বর প্লেট তৈরির কারখানার হদিশ পেয়েছে। শীঘ্রই তার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

Advertisement

বাঁকুড়া জেলা ট্রাফিক পুলিশের এক আধিকারিক বলেন, বাইক সহ অন্যান্য যানবাহনে নম্বর প্লেট লাগানোর নিয়ম রয়েছে। নম্বর প্লেট বিকৃত করলে আইনানুগ পদক্ষেপ করা হবে। ফোল্ডেড নম্বর প্লেট লাগিয়ে কেউ যাতে অপরাধ সংগঠিত করতে না পারে তারজন্য আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি। 
কীভাবে লাগানো হচ্ছে ওই নম্বর প্লেট? পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রেসিং বাইকেই মূলত ওই ধরনের নম্বর প্লেট লাগানো হচ্ছে। বাইকের পিছনে তা এমনভাবে লাগানো হচ্ছে যাতে ভাঁজ হয়ে ভিতরে সেঁটে যেতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে বাইকের পিছনে নম্বর প্লেট লাগানোর নির্দিষ্ট জায়গায় লোহার পাত লাগানো হচ্ছে। ভিতরের দিকে দু’টি চুম্বক লাগানো থাকে। লোহার নম্বর প্লেট ভাঁজ হয়ে ওই চুম্বকে এঁটে যাচ্ছে। তারফলে বাইকের নম্বর সবসময় দেখা যায় না। বাইক চালক হাতের চাপে নম্বর প্লেটে চাপ দিয়ে চুম্বকের সাহায্যে আটকে নিতে পারে। চলন্ত বাইকেও তা করা যায়। বাইক চালকরা মূলত পুলিশের জরিমানা থেকে বাঁচতে ওই ধরনের নম্বর প্লেট লাগাচ্ছে। কারণ, বর্তমানে পুলিশ মোবাইলের সাহা঩য্যে বাইক বা চারচাকার নম্বরের ছবি তুলে রেখে জরিমানা আরোপ করে। তবে ওই সুযোগ দুষ্কৃতীরাও নিতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা ভুয়ো নম্বর প্লেট লাগিয়েই অপরাধ সংগঠিত করে থাকে।    
উল্লেখ্য, এর আগে বাঁকুড়ায় ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে ট্রাক ভরতি ধান, চাল গায়েব করার চক্রের কিনারা হয়েছিল। ঝাড়খণ্ড থেকে দু’টি ট্রাকে ধান বোঝাই করে পূর্ব বর্ধমানের সেহারাবাজারে নিয়ে যাওয়ার নামে মাঝপথে ওই কারবার চলত। দুর্গাপুর থেকে জাতীয় সড়ক ধরে সোজা বর্ধমান না গিয়ে ওই চক্রের পান্ডারা বড়জোড়া ও বেলিয়াতোড়ের জঙ্গলের রাস্তায় পণ্য সমেত ট্রাক ঢুকিয়ে দিত। তারপর হোটেলে খেতে যাওয়ার নাম করে পণ্যের মালিককে নামিয়ে ট্রাক নিয়ে উধাও হয়ে যেত। কিছুটা যাওয়ার পর তারা ট্রাকের ভুয়ো নম্বর প্লেট খুলে আসল নম্বর প্লেট লাগিয়ে নিত। ফলে পুলিশও তাদের ধরতে হিমশিম খেত। তবে মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ ওই চক্রের কিনারা করেছিল। বাইক চুরি চক্রের সদস্যরাও একইভাবে ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে চোরাই বাইকগুলি পাচার করে।

সম্পর্কিত সংবাদ