নয়াদিল্লি: গত ২০ জুলাই সংসদ অভিযান রুখতে পেলেট গান চালিয়েছে পুলিশ। এই অভিযোগে বারবার সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দাবি, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই অস্ত্র ব্যবহার করেছিল পুলিশ। যদিও শুরু থেকেই বিষয়টা অস্বীকার করেছে দিল্লি পুলিশ। তবে পুলিশের রিপোর্ট তথা সরকারি নথি একবারে উলটো কথা বলছে। ২২ জুলাই পার্লামেন্ট স্ট্রিট থানায় নথিভুক্ত একটি জেনারেল ডায়েরিতে উল্লেখ রয়েছে, ২০ জুলাই দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের (ডিসি) নির্দেশে দু’বার পেলেট গান চালায় র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)। জেনারেল ডায়েরি অনুযায়ী, যন্তরমন্তরের জোন-১ এলাকায় মোতায়েন ছিল র্যাফ। তাদের সঙ্গে যৌথভাবে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল দিল্লি পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাহিনীর সদস্যরা ৫৫টি নন-ইলেকট্রিক শেল, ১৫টি ইলেকট্রিক শেল, পাঁচটি টিয়ার স্মোক গ্রেনেড এবং পেলেট গান থেকে দু’রাউন্ড গুলি ছোড়ে। নথিতে স্পষ্ট উল্লেখ, ঘটনাস্থলে উপস্থিত ডিসির নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়। উল্লেখ্য, গত সোমবার সংসদ চলো কর্মসূচিতে গুরুতর আহত হন ২৫ বছরের শেখ ইরশাদ মনসুরি। মঙ্গলবার লেডি হার্ডিঞ্জ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। দেখা যায়, তাঁর পুরো মুখ ও গলার কাছাকাছি অংশ ছোটো ছোটো ক্ষতে ভরতি। ওই ধরনের ক্ষত একমাত্র পেলেট বা ছররা জাতীয় কোনো অস্ত্রের আঘাতেই থেকেই হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। এর পরেই আসরে নামেন রাহুল।



