


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কেউ ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন। কেউ আবার শেষ বয়সে শেয়ার বাজারে বিনিয়োগ করতে গিয়ে সর্বস্বান্ত হন। অনেকে হোটেল বুকিং করতে গিয়ে পড়েছিলেন প্রতারকদের খপ্পরে। নানা ধরনের সাইবার প্রতারণার ২ কোটি টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিল বাগুইআটি থানার পুলিশ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রায় ৫০ জনের হাতে চেক তুলে দেয় পুলিশ। প্রতারিত ব্যক্তিরা অনুষ্ঠানে নিজেদের খারাপ অভিজ্ঞতা সকলের সামনে শেয়ার করেন। টাকা ফেরত দেওয়ার পাশাপাশি, পুলিশ আধিকারিকরা সাইবার ক্রাইম নিয়ে সকলকে সচেতন করেন। টাকা ফিরে পেয়ে বাগুইআটি থানাকে ধন্যবাদ জানিয়েছেন সকলে।
সাইবার প্রতারণা দিন দিন বাড়ছে। বেশিরভাগ প্রবীণ নাগরিকরা এই ফাঁদে পড়ছেন। তবে, ইনভেস্টমেন্ট ফ্রড তথা বিনিয়োগ প্রতারণার শিকার হচ্ছেন তরুণরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিনমাসে বাগুইআটি থানা এলাকায় একাধিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্তে নেমে ৫০টির বেশি মামলার সমাধান করেছে। ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর বলেন, তিনমাসে বাগুইআটি থানা এলাকায় সাড়ে ৩ কোটি টাকার সাইবার প্রতারণা হয়েছে। তার মধ্যে এদিন ২ কোটি ২ লক্ষ টাকা উদ্ধার করে প্রতারিতদের ফেরানো হল। বাকি অভিযোগের তদন্ত চলছে। শীঘ্রই বাকি টাকাও ফেরানো হবে। অভিযুক্তদেরও রেয়াত করা হবে না।
ভিআইপি রোডের ধারে একটি প্রেক্ষাগৃহে এই টাকা ফেরানোর অনুষ্ঠানের আয়োজন করেছিল পুলিশ। প্রতারিতদের হাতে টাকা ফেরানোর চেক তুলে দেন ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর এবং বাগুইআটি থানার আইসি অমিতকুমার মিত্র। কেউ পুরোপুরি টাকা পেয়ে গিয়েছেন। কেউ আবার আংশিক। পুলিশ জানিয়েছে, অনেকের টাকা ফ্রিজ করা আছে। উদ্ধারের প্রক্রিয়ায় আছে। উদ্ধার হলেই ফিরিয়ে দেওয়া হবে। তবে, ডিজিটাল অ্যারেস্ট, বিনিয়োগ প্রতারণায় গ্রাহকদেরও অসতর্কতা রয়েছে। কিন্তু, এমন সাইবার প্রতারণা রয়েছে। যেখানে গ্রাহকদের কিছু করার নেই। এদিন সাইবার প্রতারণার এক লক্ষ টাকা ফিরে পেয়েছেন এক তরুণী। বাসের মধ্যে তাঁর মোবাইল চুরি যায়। পরে সেই মোবাইল ব্যবহার করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এক বৃদ্ধা ডিজিটাল অ্যারেস্টের ৪ লক্ষ, এক বৃদ্ধ বিনিয়োগ প্রতারণার ৯ লক্ষ, একটি হাসপাতাল কর্তৃপক্ষ ৩৩ লক্ষ টাকা ফিরে পেয়েছে। এইরকম উদাহরণ রয়েছে অসংখ্য। ডিসি এয়ারপোর্ট ঐশ্বর সাগর বলেন, প্রতি মুহূর্তে সচেতন এবং সতর্ক থাকতে হবে। তাহলে সাইবার প্রতারণা অনেকটাই এড়ানো সম্ভব।