নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডলের বাড়িতে অভিযান চালাল পুলিশ। বৃহস্পতিবার বিষ্ণুপুর থানা, ডায়মন্ডহারবার পুলিশ জেলার শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী মিলে বিধায়কের বাড়ি ও ফার্ম হাউসে (বাগানবাড়ি) হানা দেয়। তখন অবশ্য বাড়িতে ছিলেন না দিলীপবাবু। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে বিজয় মিছিল সেরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির উদ্দেশ্যে প্রকাশ্যে নানারকম ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছিল বলে খবর। তার প্রেক্ষিতেই এদিন পুলিশ অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে। পৈলানে বিত্তবান ব্যবসায়ী দিলীপবাবুর বাগানবাড়ি দেখে ‘থ’ পুলিশ কর্তারা। ভিতরে সুইমিং পুল থেকে শুরু করে পুকুর, প্রাসাদের মতো বাড়ি প্রভৃতি রয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল প্রায় সাড়ে নটা নাগাদ বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে দিলীপবাবুর নিবাস ও বাগানবাড়ি। তিনি না থাকলেও বাড়িতে তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। ভিতরে ঢুকে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। সারাদিন ধরে চলে এই কর্মসূচি। তবে কোনো কিছু পাওয়া যায়নি বলেই খবর। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, সকাল ৯টা ৫ মিনিট নাগাদ পিছনের নির্মীয়মান একটি অংশের জানলা টপকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান দিলীপবাবু।



