নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলাজুড়ে একযোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল হুগলি গ্রামীণ পুলিশ। তাতে ১১৭ জন চোলাই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৪৩৭১ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ। গত পাঁচ বছরে হুগলি জেলায় এমন বড় আকারের পুলিশ অভিযান হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১০২টি মামলা রুজু করা হয়েছে, যা প্রায় বেনজির ঘটনা। মোট ১৬টি গ্রামীণ থানা এলাকায় মামলা রুজু করা হয়েছে। গ্রামীণ পুলিশকর্তারা জানিয়েছেন, বহুদিন ধরেই বিচ্ছিন্ন অভিযান, সচেতনতামূলক প্রচার করা হয়েছিল। তারপরে প্রায় ৩০ ঘণ্টার লাগাতার অভিযান করা হল। তাতেই বড় সাফল্য এসেছে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিং বলেন, চোলাইয়ের বিরুদ্ধে আরও কড়া এবং বৃহৎ অভিযান ভবিষ্যতে প্রয়োজন পড়লে করা হবে। হুগলি গ্রামীণ এলাকাকে আমরা চোলাই মুক্ত করার জন্য পদক্ষেপ করছি। ওই অভিযানে সবচেয়ে বেশি সাফল্য এসেছে সিঙ্গুর থানা এলাকায়। সিঙ্গুর থানার পুলিশ আধিকারিক সুদীপ্ত সাধুখাঁর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী অভিযানে নেমেছিল। তাৎপর্যপূর্ণভাবে, সিঙ্গুর হুগলির পৃথক আবগারি বিভাগও। সিঙ্গুর থানা সূত্রে জানা গিয়েছে, ধারাবাহিক অভিযানে সেখানে ২৩টি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৩ জন কারবারিকে। ৭২০লিটার চোলাই ও ২৫০০ লিটার চোলাই তৈরির উপকরণও বাজেয়াপ্ত হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের এক কর্তা বলেন, চোলাই শুধু মদ নয়, সামাজিক, পারিবারিক সঙ্কটের অন্য নাম। গ্রামীণ এলাকার শিরায় শিরায় ওই ‘ভাইরাস’ ছড়িয়ে রয়েছে। এবার সেখানেই আঘাত হানা হচ্ছে।