সংবাদদাতা, উলুবেড়িয়া: দুর্গাপুজোর দিনগুলিতে প্রতিটি থানায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি রাতে পুলিশ মোটরবাইকে পেট্রলিং করবে। সোমবার বিকালে আমতা অডিটোরিয়ামে আমতা থানা এলাকার দুর্গা পুজো কমিটিগুলির হাতে পুজো অনুদান তুলে দিতে এসে এই কথা বলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার অমিত ভার্মা। এদিনের অনুষ্ঠানে ছিলেন বিধায়ক চিরন বেরা।
এদিন পুলিশ সুপার বলেন, জেলার দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে। এদিন প্রতিটি থানা এলাকা থেকে কমিটিগুলির হাতে পুজো অনুদান তুলে দেওয়া হয়। এদিন তিনি বলেন, পুজোর সময় দিনের বেলা রাস্তায় ইভটিজিং যাতে না হয়, সেই ব্যাপারে লক্ষ্য রাখা হবে। আগামী দিনে জেলায় দুর্গা স্কোয়াড তৈরি করা হবে। পুজোর দিনগুলিতে কেউ কোনোরকম সমস্যায় পড়লে পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকবে।



