Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দাপুটে তৃণমূল নেতা দেবাশিসকে হাতকড়া পরিয়ে দমদম রোডে ঘোরাল পুলিশ

দমদম রোডে হাতকড়া পরিয়ে ঘোরানো হল দাপুটে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচুকে। শনিবার বিকালে দেবাশিসবাবুর খাসতালুকে নাগেরবাজার থানার পুলিশ তাঁকে বিভিন্ন এলাকায় ঘোরায়।

দাপুটে তৃণমূল নেতা দেবাশিসকে হাতকড়া পরিয়ে দমদম রোডে ঘোরাল পুলিশ
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদম রোডে হাতকড়া পরিয়ে ঘোরানো হল দাপুটে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচুকে। শনিবার বিকালে দেবাশিসবাবুর খাসতালুকে নাগেরবাজার থানার পুলিশ তাঁকে বিভিন্ন এলাকায় ঘোরায়। সেই সময় অনেকেই তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন। কলকাতা এয়ারপোর্টে ঝামেলার ঘটনায় দক্ষিণ দমদমের প্রাক্তন কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচুকে এনএসসিবিআই থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। তিনি প্রাক্তন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর ডান হাত হিসাবে দমদমে পরিচিত। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দমদমের সিপিএম নেতা তথা সিটুর রাজ্য কমিটির সদস্য সুশান্ত দেবকে বেধড়ক মারধরের অভিযোগ নতুন করে দায়ের হয়েছিল নাগেরবাজার থানায়। দেবাশিস সহ চার তৃণমূল নেতার নামে অস্ত্র আইন, মারধর, ডাকাতি সহ মোট ৯টি ধারায় অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নেমেছিল।

Advertisement

শুক্রবার নাগেরবাজার থানা তাঁকে তিনদিনের হেপাজতে নেয়। এদিন বিকাল সাড়ে চারটা নাগাদ তাঁকে দমদম রোডের ঘুঘুডাঙা ফাঁড়িতে নিয়ে আসা হয়। এরপর তাঁকে হাতকড়া পরিয়ে দমদম রোড ধরে হাঁটানো হয়। মারধরের ঘটনাস্থল ক্লাব টাউন, হনুমান মন্দির সহ বিভিন্ন এলাকায় তাঁকে ঘোরায় পুলিশ। এই দৃশ্য দেখতে দমদম রোডে ভিড় জমে যায়। কেউ কেউ চোর চোর স্লোগান দেন। অনেকে তাঁর বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি তোলেন।
প্রসঙ্গত, এর আগে দক্ষিণ দমদমের অপর সিআইসি মৃন্ময় দাসকে তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে নাগেরবাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। তাঁকেও দু’বার বেদিয়াপাড়া এলাকায় হাতকড়া পরিয়ে পুলিশ ঘুরিয়েছিল। এনিয়ে দমদমের কোনও তৃণমূল নেতা প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। তবে একান্তে তাঁদের দাবি, দাদার সঙ্গে অন্যায় করা হল। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ