নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম সুমন মণ্ডল (৪১)। পদমর্যাদায় সুমনবাবু রানাঘাট পুলিশ জেলার একজন সাব-ইন্সপেক্টর ছিলেন। শনিবার সকালে থানার অনতিদূরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সাব-ইন্সপেক্টর উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের বাসিন্দা। বর্তমানে তিনি হাঁসখলি থানার বগুলা ফাঁড়িতে কর্মরত ছিলেন। ফাঁড়ির অনতিদূরে বগুলা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে একাই থাকতেন সুমনবাবু বলে জানা গিয়েছে। শনিবার সকালে নির্দিষ্ট সময়ে ডিউটিতে না পৌঁছনোয় প্রথমে সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। থানার পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও সাড়া মেলেনি। এরপর বগুলা ফাঁড়িতে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার তাঁর খোঁজে ভাড়া বাড়ি যান। জানা গিয়েছে, ওই সিভিকের একটি জলের ব্যবসাও রয়েছে এবং সেই সূত্রেই তিনি ওই পুলিশ আধিকারিকের বাড়ি যান। ঘরে ঢুকেই সুমনবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই অনুমান তদন্তকারীদের। তবে ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তি বা ব্যক্তিগত মানসিক অবসাদের সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সবদিক খতিয়ে দেখছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নামে। তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে প্রশাসনের একাংশের অভিমত।