সংবাদদাতা, কাঁথি: দিনদশেক আগে মন্দারমণিতে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে নদীয়া জেলা থেকে আসা তিন পর্যটকের মৃত্যু হয়েছিল। তার মধ্যে এখনও একজন পর্যটক যুবক নিখোঁজ রয়েছেন। তাঁর দেহ এখনও উদ্ধার হয়নি। তার আগে আর একটি ঘটনায় তলিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছিল মন্দারমণিতেই। এই পরিস্থিতিতে পর্যটকদের সতর্ক ও সচেতন করতে সৈকতে ‘রেড জোন’ চিহ্নিত করল মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। মোহনার কাছে ৫০ মিটার অংশ রেড জোন হিসাবে চিহ্নিত করে সেখানে বাঁশের ব্যারিকেড ও দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিপজ্জনক এই অংশে কোনোমতেই সমুদ্র স্নানে নামা যাবে না। যিনি নিষেধাজ্ঞা অমান্য করবেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার থেকেই মন্দারমণি সৈকতে জেলা প্রশাসনের তরফে ১৪ জন নুলিয়াকে নিযুক্ত করা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন। সেইসঙ্গে মন্দারমণির বিভিন্ন জায়গায় সতর্কবার্তা সম্বলিত সব বোর্ড লাগানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রেড জোনে তো নয়ই, জোয়ারের সময় এবং সমুদ্র উত্তাল থাকলে কোনোভাবেই জলে নামা যাবে না। হাঁটুজলের বেশি স্নান করা যাবে না। মোহনার দিকে ওই অংশে জলের স্রোত বেশি এবং জায়গাটি বিপজ্জনক। রয়েছে ঘূর্ণি ও চোরাবালি। সেখানকার সৈকতে নামা যাবে না। সৈকতে মদ্যপান তো নয়ই, মদ্যপ অবস্থায় স্নানে নামা যাবে না। আরও বলা হয়েছে, সমুদ্রচরে কোনো গাড়ি চালানো যাবে না। কোনোরকম আবর্জনা, বোতল ফেলা যাবে না।



