কর্ণসুবর্ণে রেল দুর্ঘটনায় মৃত তিন জনের আত্মীয়দের পুলিশে চাকরি
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিষেক পাল, বহরমপুর: ‘কথা দিলে কথা রাখে আমাদের সরকার।’ কর্ণসুবর্ণে রেল দুর্ঘটনায় মৃত তিন শিশুর পরিবারের সদস্যদের সিভিক পুলিশে চাকরির নিয়োগপত্র দিয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে পুজো উদ্বোধনে এসে তিনি ওই নিয়োগপত্র দেন। এর আগে মৃতদের পরিবার পিছু পাঁচলক্ষ টাকার আর্থিক সাহায্যও দিয়েছে রাজ্য সরকার। এছাড়া, রেজিনগরে উপনির্বাচনের র‌্যালিতে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনায় জেসমিনা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী জেসমিনার মায়ের হাতেও ১০লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ওই টাকা দেওয়া হয়েছে।

Advertisement

শুভেন্দুবাবু বলেন, ‘আমি নির্বাচনের সময় এসে জেসমিনার পরিবারের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছিলাম। সেসময় নির্বাচনি বিধি লাগু ছিল। তখন সেই নিয়মের কারণে তাঁদের পাশে দাঁড়াতে পারিনি। আমি জেসমিনার পরিবারকে বলেছিলাম যে, নির্বাচনি বিধি উঠে গেলে আমি আপনাদের সঙ্গে দেখা করব। কোনো মৃত্যুরই কিন্তু ক্ষতিপূরণ হয় না। সে চাকরি দিন, আর অর্থই দিন। তবু একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, মানবিক প্রয়াসের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গ সরকারের যে রিলিফ ফান্ড রয়েছে, চিফ মিনিস্টার’স রিলিফ ফান্ড-সেখান থেকে ওই বাচ্চার মায়ের হাতে ১০লক্ষ টাকা প্রদান করছি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কর্ণসুবর্ণে যে রেল দুর্ঘটনা ঘটেছিল, সেখানে আমি গিয়ে কথা দিয়েছিলাম যে, মৃতদের পরিবারের যাঁরা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে ছিলেন, সেই তিনটি পরিবারকে কাজ দেব। আমরা আর্থিক সাহায্য আগেই দিয়েছি। এবার ওই তিনটি পরিবারের তিনজনকে পুলিশের নিয়োগপত্র দিলাম।’
এদি আর্থিক সাহায্য পাওয়া একজন বলেন, ওই ভয়াবহ দুর্ঘটনার কথা এখনও ভুলতে পারিনি। যে একরত্তিকে হারিয়েছি, তাকে তো আর ফিরে পাব না। তবে মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করেছেন। পুলিশে চাকরি দিয়েছেন। তাই এবার পরিবারের কাছে থেকেই কাজ করতে পারব।
এদিন মুর্শিদাবাদে এসে প্রথমে লালবাগের একটি ও পরে বহরমপুরের দু’টি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ব্যস্ততার মাঝেও তিনি বহরমপুর ছাড়ার আগে স্টেডিয়ামের হেলিপ্যাডের কাছেই একটি ছোট জায়গায় এই আয়োজনে অংশ নেন। সেখানে রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ, জেলাশাসক আর. অর্জুন, বিধায়ক শাখারভ সরকার, ভরতকুমার ঝাওর, সুব্রত মৈত্র সহ অন্যরা উপস্থিত ছিলেন।