Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিলবোর্ড কাণ্ডে অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা জেরা পুলিশের

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খুলতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

বিলবোর্ড কাণ্ডে অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা জেরা পুলিশের
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খুলতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে মঙ্গলবার সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল ডায়মন্ডবারবারের সাংসদকে। সেদিন পুলিশকে বাধা দেওয়া এবং মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানি সংক্রান্ত একাধিক প্রশ্ন তাঁকে করা হয় বলে সূত্রের খবর। জিজ্ঞাসাবাদ শেষে শেক্সপিয়র সরণি থানা থেকে বেরিয়ে অভিষেক বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ সরকার তথা পুলিশকে পালটা চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।

Advertisement

এই বিলবোর্ড খোলা নিয়ে গত বৃহস্পতিবার তুলকালাম কাণ্ড বাধে। অভিষেকের অফিসের কর্মীরা পুলিশ ও পুরসভার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় মহিলা পুলিশকর্মীদের  শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিষেক ছাড়াও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যসভার সাংসদ ডেরেক ’ও ব্রায়েন, প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এই মামলাতেই মঙ্গলবার ডেকে পাঠানো হয় অভিষেককে। এদিন বেলা ১২টা ১৭ নাগাদ তিনি হাজির হন শেক্সপিয়র সরণি থানায়। চার সদস্যের একটি টিম তাঁকে জিজ্ঞাসাবাদ করে। 
সূত্রের খবর, অভিষেক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। বিকাল ৫টা ৫০ মিনিট নাগাদ জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে. সাংবাদিকদের প্রশ্নে অভিষেক বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে ভাবছেন দমিয়ে রাখবেন? আমাদের ১৩ জন কর্মীকে নোটিস ছাড়া গ্রেপ্তার করা হয়েছে। কারও শ্লীলতাহানি করা হয়নি। সেদিন বরং পুলিশকর্মীরাই আমাদের কর্মী-সমর্থকদের টানতে টানতে সিঁড়ি দিয়ে নিয়ে এসেছে।’ এরপরই তাঁর চ্যালেঞ্জ, ‘ওদের যা ক্ষমতা আছে, করুক। মিথ্যা মামলায় দমিয়ে রাখবে ভাবলে ওরা মুর্খের স্বর্গে বাস করছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ