Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশ কমিশনার ও সিইও দালালি করছে বিজেপির, অভিযোগ পার্থর, ভাটপাড়ায় কাউন্সিলার সহ গ্রেপ্তার চারজন

নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল এবং বারাকপুরের পুলিশ কমিশনার অমিতকুমার সিং নির্লজ্জভাবে বিজেপির দালালি করছে। সোমবার টিটাগড় থানার সামনে দাঁড়িয়ে অভিযোগ করলেন পার্থ ভৌমিক।

পুলিশ কমিশনার ও সিইও দালালি করছে বিজেপির, অভিযোগ পার্থর, ভাটপাড়ায় কাউন্সিলার সহ গ্রেপ্তার চারজন
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল এবং বারাকপুরের পুলিশ কমিশনার অমিতকুমার সিং নির্লজ্জভাবে বিজেপির দালালি করছে। সোমবার টিটাগড় থানার সামনে দাঁড়িয়ে অভিযোগ করলেন পার্থ ভৌমিক। রবিবার রাতে ভাটপাড়ার গন্ডগোলের পরিপ্রেক্ষিতে তৃণমূলের কাউন্সিলার গোপাল রাউত সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পার্থ ভৌমিকের অভিযোগ, তিনি খবর পেয়ে ২০ বার পুলিশ কমিশনারকে ফোন করেছেন। কিন্তু তিনি ধরেননি। ভিডিয়ো ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে, তৃণমূলের একটি ছেলেকে মারধর করার অভিযোগ নিয়ে দলের নেতারা জগদ্দল থানায় গিয়েছিল। সেই সময় প্রাক্তন সাংসদ অর্জুন সিং সিআইএসএফ বাহিনী নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন। সৌরভ সিং, গোপাল রাউতকে মারধর করা হয়। তারপরও গোপালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মুক্তির দাবিতে এলাকাবাসী এবং তৃণমূল কর্মীরা ভাটপাড়া থানায় বিক্ষোভ দেখান সোমবার সকালে। বিক্ষোভে অংশ নেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা। ভোরের দিকে গ্রেপ্তারের পরে গোপালকে টিটাগড় থানায় নিয়ে আসা হয়। সেই খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে আসেন পার্থ ভৌমিক। তিনি পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। এদিন বারাকপুর আদালতে তোলা হলে বিচারক গোপাল রাউত সহ চারজনকে একদিনের জেল হেপাজতের নির্দেশ দেন। আজ মঙ্গলবার ফের তাঁকে আদালতে তোলা হবে। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, এটা ট্রেলার হয়েছে পিকচার আভি বাকি হ্যায়। একটি গাড়ি থেকে ছেলের বাড়িতে গুলি চালানো হয়েছে। তখনই তার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এখনও চিকিৎসাধীন। আমার ছেলে পবন সিং এবং রাজেশ কুমার টার্গেট ছিল। গোটা ঘটনার এনআইএ তদন্তের দাবি জানান।

Advertisement

সোমনাথ শ্যাম পালটা বলেন, আমি যখন থানার সামনে যাই, ততক্ষণে অর্জুন সিং চলে গিয়েছেন। থাকলে পুরো সিনেমা দেখিয়ে দিতাম। সিআইএসএফ সঙ্গে নিয়ে তিনি রংবাজি করেন। ৪ তারিখে এর জবাব হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ