Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তাড়া করে ছিনতাইবাজকে ধরল পুলিস, আটক বাইক

তাড়া করে ছিনতাইবাজকে ধরল পুলিস, আটক বাইক
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক অ্যাপ নির্ভর বাইকচালকের মোবাইল ছিনতাই হয়। খবর পেয়েই ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে তাদের পোস্তা এলাকা থেকে ধরে পুলিস। জানা গিয়েছে, একটি নয়, শহর কলকাতায় চারটি ছিনতাই করেছে তারা। উদ্ধার হয়েছে তাদের ব্যবহার করা বাইকও। ধৃত অমিত মণ্ডল ও রাজবীর মালিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কাশীপুর চিড়িয়ামোড় এলাকায় অ্যাপ নির্ভর বাইক নিয়ে যাচ্ছিলেন এক চালক। লোকেশন দেখার জন্য তাঁর বাইকের সামনে স্ট্যান্ডে মোবাইলটি রাখা ছিল। আচমকাই একটি বাইক পিছন থেকে এসে মোবাইলটি ছিনতাই করে পালায়। সঙ্গে সঙ্গে ওই  চালক পুলিসকে বিষয়টি জানান। পুলিস বিন্দুমাত্র দেরি না করে ছিনতাইবাজদের বাইকের পিছনে ধাওয়া করে। শেষ পর্যন্ত তাঁদের পোস্তা এলাকা থেকে ধরা হয়। দুই অভিযুক্ত জানায়, তাঁদের বাড়ি পোস্তা এলাকাতেই। বাইকে চড়ে তাঁরা বিভিন্ন জায়গায় ছিনতাই করে বেড়াত। কয়েকদিন আগেই তাঁরা জোড়াবাগান এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।
তদন্তে উঠে এসেছে যে, শহরে এই কায়দায় তাঁরা তিন-চারটি ঘটনা ঘটিয়েছে। ছিনতাই করার জন্য তাঁরা বাইক কিনেছিল। পুলিস যাতে গাড়ির নম্বর না পায়, সেজন্য নম্বর প্লেটের উপর কিছু লাগিয়ে দিত। বাজেয়াপ্ত করা বাইকে লাগানো নম্বরটি আসল না জাল, সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। ছিনতাই করা সামগ্রী কোথায় বিক্রি করত অভিযুক্তরা, ধৃতদের জেরা করে তাও জানার চেষ্টা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ