নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবার আইএসএলে লিগ পর্বের অন্তিম ম্যাচ। সুপার সিক্সের টিকিট নিশ্চিত করতে সেদিন জিততেই হতো ইস্ট বেঙ্গলকে। তবে অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে হেরে মাঠ ছেড়েছিলেন ক্লেটনরা। আইএসএলে নক-আউটে যোগ্যতা অর্জনের স্বপ্ন অধরাই থেকে যায় লাল-হলুদ ব্রিগেডের। চলতি মরশুমে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের একবার মুখোমুখি দুই দল। এবারও খুব একটা ভালো জায়গায় নেই অস্কার-ব্রিগেড। টানা হারের ধাক্কা কাটিয়ে সদ্য ছন্দে ফিরেছিল লাল-হলুদ ব্রিগেড। তবে গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ফের হারতে হয়েছে। তার মধ্যে দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট বিপাকে ফেলেছে স্প্যানিশ কোচকে। ওড়িশা ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে গোটা মরশুম মাঠের বাইরে মাধি তালাল। সাউল ক্রেসপোও কবে ফিরবেন, নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। দলের অপর দুই বিদেশি হেক্টর ইউস্তে আর দিমিত্রিয়স দিয়ামানতাকোসের খেলা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এই পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশ সাজানোই এখন বড় চ্যালেঞ্জ অস্কার ব্রুজোঁর।
Advertisement
১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব। গোলের মধ্যে রয়েছেন লুকা ম্যাজেন ও এজেকুয়েল ভিদাল। তাই মঙ্গলবার প্রতিপক্ষের এই দুই অ্যাটাকারকে রুখতে রক্ষণ সংগঠনে বাড়তি জোর দিচ্ছেন ইস্ট বেঙ্গল কোচ। রবিবার মাঠে এলেও হাল্কা অনুশীলন করেন হেক্টর ইউস্তে। তবে ম্যাচ অনুশীলনের সময় মাঠের বাইরে রইলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। পুরো ম্যাচ খেলার জায়গায় নেই দিয়ামানতাকোসও। সোমবার অনুশীলনের পরই এই দুই ফুটবলারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লাল-হলুদ কোচ।



