Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাব ম্যাচের আগে চোটই বড় কাঁটা মোহন বাগানের

পাঞ্জাব ম্যাচের আগে চোটই বড় কাঁটা মোহন বাগানের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোটের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে মোহন বাগানের। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোসের পর নতুন সংযোজন আশিক কুরুনিয়ান ও শুভাশিস বোস। সোমবার অনুশীলনে দৌড়ানোর সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান দক্ষিণী উইঙ্গার। বাকি সময় মাঠের ধারে বসেই কাটিয়েছেন তিনি। মঙ্গলবার তাঁর চোটের জায়গায় এমআরআই হবে। তারপরই আশিককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে থিঙ্কট্যাঙ্ক। আর শুভাশিসের চোট চোখের পাশের হাড়ে। গোয়ার বিরুদ্ধে সন্দেশ ঝিঙ্গানের কনুইয়ের ধাক্কায় গুরুতর আঘাত পান তিনি। দলীয় সূত্রের খবর, হাড়ে চিড় ধরেছে। অস্ত্রোপচার করলে কম পক্ষে দু’মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তাই লিগের গুরুত্বপূর্ণ সময়ে ফেস মাক্স পরেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবারের অনুশীলনে মুখোস এঁটে গা-ও ঘামালেন শুভাশিস।
Advertisement
গোয়া ম্যাচে চোট পাওয়া দিমিত্রি পেত্রাতোসকে নিয়েও চিন্তা বাড়ল সবুজ-মেরুন শিবিরে। কম করে দশদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। ফলে বৃহস্পতিবার পাঞ্জাব এফসি ম্যাচে অজি তারকাকে পাচ্ছেন না কোচ হোসে মোলিনা। সোমবার অনুশীলনে এলেও মেডিক্যাল রুমেই সময় কাটালেন দিমিত্রি। গ্রেগ স্টুয়ার্ট অবশ্য ফিটনেস ট্রেনিং করতে মাঠে নেমেছিলেন। মঙ্গলবারের প্র্যাকটিসে তাঁকে চূড়ান্ত পরখ করে নিতে চান মোলিনা। মিনি হাসপাতালে পরিণত হওয়া মোহন বাগানের কাছে তাই পাঞ্জাব ম্যাচে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
হারের ধাক্কা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সোমবার ঘরের মাঠে প্রস্তুতি সারল মোহন বাগান। মূলত মাঝমাঠের দুর্বলতা কাটানোর দিকেই নজর দিয়েছিলেন কোচ মোলিনা। ছিটকে গিয়েছেন দিমিত্রি। গ্রেগ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে বল ফিডারের ভূমিকায় সাহাল আব্দুল সামাদকে খেলানোর পরিকল্পনা রয়েছে স্প্যানিশ কোচের। এদিনের ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে দীর্ঘক্ষণ সাহালকে মাঝমাঠে খেলালেন তিনি। এছাড়াও জোর দিয়েছিলেন উইং প্লে’র উপর। সবুজ-মেরুনের প্রধান শক্তি প্রান্তিক আক্রমণ। বৃহস্পতিবার সেই হাতিয়ারেই পাঞ্জাব বধের পরিকল্পনা তৈরি করছেন হোসে মোলিনা।
সম্পর্কিত সংবাদ