Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

পন্থকে নির্বোধ বললেন সানি

পন্থকে নির্বোধ বললেন সানি
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভ পন্থের সাফল্য বেশ ঈর্ষণীয়। ২০২১ সালে গাব্বায় তাঁর ম্যাচ বাঁচানো ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে এখনও অমলিন। তবে এবার যেন ভাগ্যদেবী তাঁর প্রতি বিরূপ। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে এখনও বড় রানের মুখ দেখেনি ঋষভের ব্যাট। তৃতীয় টেস্ট পর্যন্ত তাঁর মোট রান ছিল ৯৬। প্রিয় মেলবোর্নে তারকা উইকেটরক্ষকের ব্যাটিংয়ের ঝলক দেখার আশায় ছিলেন অনুরাগীরা। সেই সুযোগও ছিল পন্থের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ২৮ রান করে উইকেট ছুড়ে প্যাভিলিয়নের পথ ধরেন ভারতীয় তারকা। দায়িত্বজ্ঞানহীনের মতো আউটের পরেই ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ওপেনার সুনীল গাভাসকর। পন্থকে নির্বোধ বলতেও দ্বিধা করেননি তিনি। তবে ভিন্ন মত রবি শাস্ত্রীর। তাঁর মতে, ভালো বলের শিকার হয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান।
Advertisement
মেলবোর্নে দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত। শনিবার ফলো-অন বাঁচানোর গুরুদায়িত্ব ছিল রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্থের কাঁধে। তবে প্রথম এক ঘণ্টার মধ্যেই ঝুঁকিপূর্ণ শটে উইকেট উপহার দেন পন্থ। বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের বল স্কুপ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কানায় লেগে ওঠা ক্যাচ জমা পড়ে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা নাথান লিয়ঁর হাতে। সেই সময় কমেন্ট্রি করছিলেন গাভাসকর। বেশ উত্তপ্ত স্বরে পন্থকে ‘নির্বোধ’ বলে অভিহিত করেন তিনি। সানি বলেন,  ‘টেস্ট ক্রিকেটে পাঁচ নম্বরে নামা কোনও ব্যাটসম্যান এমন শট খেলতে পারে না। এই আউটের পর ওর ড্রেসিং-রুমে ঢোকাই উচিত নয়। আরও নীচে ওকে ব্যাট করতে নামানো হোক। তাহলে হয়তো কখনও কখনও রান করে দিতে পারে।’
ভারতীয় উইকেটরক্ষকের পাশে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী। তাঁর মতে, ‘চলতি সিরিজে ভাগ্য সঙ্গ দেয়নি পন্থকে। ভালো বলগুলো ওর কপালেই জুটেছে। তাই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রান করতে পারেনি। তাই ওর উপর আস্থা হারানো উচিত নয়।’
সম্পর্কিত সংবাদ