মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভ পন্থের ধারাবাহিকতা ঈর্ষণীয়। ২০২১ সালে গাব্বায় তাঁর ম্যাচ জেতানো ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। সেবার সিডনি ও ব্রিসবেন টেস্টে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং প্রশংসা কুড়োয় অজি দর্শকদেরও। তবে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও ঝলসে ওঠেনি তাঁর ব্যাট। পাঁচ ইনিংসে সংগ্রহ ৯৬ রান। বৃহস্পতিবার মেলবোর্নে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে সেজন্যই ঋষভের ব্যাটে রান দেখতে চাইছেন কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন অবশ্য তা মনে করেন না। তিনি আশাবাদী যে খুব তাড়াতাড়ি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ব্যাট করেই রান পাবেন ঋষভ।
Advertisement
ডনের দেশে এই সিরিজে সেরা ছন্দের ধারেকাছে নেই পন্থ। পারথ, অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে তাঁর রানগুলো এমন— ৩৭, ১, ২১, ২৮, ও ৯ । অনেক ক্ষেত্রে ক্রিজে সেট হয়ে গিয়েও বড় রান পাননি তিনি। আসলে অ্যাটাকিং ব্যাটিং পন্থের ইউএসপি। অ্যাডিলেডে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্যান্ডের বিরুদ্ধে পিচ থেকে বেরিয়ে এসে শট নিয়েছিলেন। গাভাসকর সেই প্রসঙ্গ টেনেই এদিন বলেন, ‘শুরুতে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় প্রয়োজন ঋষভের। বোলাররা কী করতে চাইছে তা বুঝতে হবে। কারণ কামিন্সরা ওকে কোনাকুনি আক্রমণ করছে। যার ফলে শট খেলতে সমস্যায় পড়তে হচ্ছে ওকে। প্রথম আধঘণ্টা ক্রিজে কাটিয়ে দিতে পারলে এর সমাধান নিজেই বের করতে পারবে ও।’



