নিউ ইয়র্ক, ৩১ আগস্ট: ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফ্রান্সের জো উইলফ্রেড সঙ্গাকে হারিয়ে টেনিস জগতে নিজের আধিপত্য বিস্তার শুরু করেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু সেই সাম্রাজ্য এখন ক্রমশ পতনের মুখে। ২০২৩এ অস্ট্রেলিয়া ওপেন এবং ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোন গ্র্যান্ড স্ল্যাম নেই এই সার্বিয়ান তারকার ঝুলিতে। আজ ইউএস ওপেনের প্রথম রাউন্ডে নেমেছিলেন জকোভিচ। আর প্রথম রাউন্ডেই অঘটন। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৪০ এ থাকা আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ।
৪ ঘন্টা ৩৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা হলো না। ম্যাচের ফল ৬-৭, ৭-৫, ৬-৪, ২-৬ এবং ১-৬। তবে এদিন ম্যাচের মধ্যেই বারবার অসুস্থ হয়ে পড়েন সার্বিয়ান তারকা। খারাপ আবহাওয়ার জন্য আর্থর অ্যাশ স্টেডিয়ামের ছাদ ঢেকে দেওয়া হয়। এরপর কোর্টের এয়ারকন্ডিশন চালু করা যায় কিনা তা নিয়েও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। প্রবল আর্দ্রতা মধ্যেই বারবার তাকে মাথায় বরফের ব্যাগ ব্যবহার করতে দেখা যায়। এরপর তৃতীয় সেট চলাকালীন একাধিকবার তিনি বমি করেন। এমনকি তাকে ওষুধও দেওয়া হয়। প্রথম সেটে পিছিয়ে যাওয়ার পরেও দুর্দান্ত কামব্যাক করেন নোভাক। দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নেন তিনি। তবে তাতেও শেষরক্ষা হলো না। তৃতীয় সেটের পর এতটাই অসুস্থ হয়ে পড়েন যে আর্জেন্টিনীয় প্রতিপক্ষের বিরুদ্ধে সেভাবে আর প্রতিরোধই গড়তে পারলেন না। চতুর্থ ও পঞ্চম সেটের ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন নোভাক জকোভিচ। এর আগে তার দীর্ঘ টেনিস ক্যারিয়ারে২০০৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন জকোভিচ।