Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপ মহকুমা হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির পরিকল্পনা

প্রসূতিদের জন্য দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নতুন চারতলা ভবন তৈরির প্রস্তাব পাঠানো হল স্বাস্থ্যদপ্তরে। জানা গিয়েছে, নদীমাতৃক এই মহকুমায় এটি একমাত্র নির্ভরযোগ্য হাসপাতাল

কাকদ্বীপ মহকুমা হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির পরিকল্পনা
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: প্রসূতিদের জন্য দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নতুন চারতলা ভবন তৈরির প্রস্তাব পাঠানো হল স্বাস্থ্যদপ্তরে। জানা গিয়েছে, নদীমাতৃক এই মহকুমায় এটি একমাত্র নির্ভরযোগ্য হাসপাতাল। চারটি ব্লকের দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। বিশেষত প্রসূতিদের চাপ ভালোই থাকে। প্রতিদিন গড়ে ৩০ জন প্রসূতি চিকিৎসার জন্য এখানে ভর্তি হন। কিছুকাল আগে এই মহকুমা হাসপাতালটি সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত হয়েছে। তার সঙ্গে শয্যাও বেড়ে হয়েছে ৪১৪টি। তার মধ্যে প্রসূতিদের জন্য ১২০টি। কিন্তু তারপরেও চাহিদার তুলনায় শয্যা সংখ্যা কম পড়ে যায়। ফলে বহু প্রসূতি এখানে মেঝেতে শুয়ে পরিষেবা নেন। এমন পরিস্থিতিতে নতুন একটি ভবন তৈরি করে সেখানে ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন চারতলা ভবনটির নীচে আউটডোর ব্যবস্থা থাকবে। দুইতলায় তৈরি করা হবে লেবার রুম। তিনতলায় থাকবেন প্রসূতিরা। মূলত শিশু জন্মগ্রহণ করার আগের পর্যায়ে প্রসূতিদের এখানে রাখা হবে। চারতলায় মা ও শিশুকে একসঙ্গে রাখার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে তিন ও চারতলায় ১৫০ করে মোট ৩০০ শয্যা বাড়ানো হবে। শয্যা সংখ্যা এভবে বাড়লে সমস্যা অনেকটা মিটে যাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু রায় বলেন, প্রসূতিদের কথা মাথায় রেখে চারতলা নতুন ভবন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তৈরি করা হলে সমস্যা অনেকটাই মিটে যাবে। এই প্রস্তাব স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ