নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তর সিকিমে বেড়াতে যাওয়ার জন্য এখন আর দিনের দিন পারমিট মিলবে না। অন্তত একদিন আগে এর জন্য আবেদন করতে হবে। সিকিম পর্যটন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দেওয়া হল।

সেইসঙ্গে লাচুং, লাচেন বেড়াতে যাওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারের তরফে। তাতে বলা হয়েছে, উত্তর সিকিমে ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন তিনদিন দুই রাতের এবং সর্বোচ্চ ছ’দিন পাঁচ রাতের পারমিট মিলবে। যাঁরা উত্তর সিকিমে বেড়াতে যাবেন কিংবা ট্যুর শেষ করে সেখান থেকে ফিরবেন, উভয় ক্ষেত্রেই পর্যটকদের গাড়ি বিকেল চারটের মধ্যে টুং চেক পোস্ট পর করতে হবে। পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরে আসতে চাইলে, টুং চেক পোস্টে আগাম জানাতে হবে।
প্রাকৃতিক বিপর্যয়ের জেরে দীর্ঘদিন ধরে লাচেন অধরা ছিল পর্যটকদের কাছে। গত কয়েকদিন আগে তা খুলে দেওয়া হয়েছে। কিন্তু পর্যটকরা যাতে নির্দিষ্ট এলাকার বাইরে ইচ্ছেমতো ঘুরতে না যান, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে সিকিম পর্যটন দপ্তরের তরফে। নিয়ম না মানলে জরিমানা গুণতে হতে পারে।
লাচুং ও লাচেনের দিকে পর্যটকদের নিয়ে যেসব গাড়ি যাবে, সেগুলি যেন নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়, সে কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। উত্তর সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকরা যতটা সম্ভব কম লাগেজ যাতে গাড়িতে বহন করেন, সিকিম পর্যটন দপ্তরের তরফে এ ব্যাপারে আবেদন রাখা হয়েছে।