আরও বিপাকে পিনারাই, পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দিল হাইকোর্ট
  • ৯ অক্টোবর, ২০২৬ ১২:১২
Prefer us on Google

তিরুবনন্তপুরম, ৯ অক্টোবর: ঘুষ মামলায় এবার আরও বিপাকে কেরালার প্রাক্তন মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন এবং সঙ্গে তাঁর গোটা পরিবার। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড বা সিএমআরএল আর্থিক লেনদেন মামলায় এবার কড়া কেরালা হাইকোর্ট। পুলিশকে এফআইআর-এর নির্দেশ দিল আদালত। হাইকোর্ট পিনারাইয়ের মেয়ে বীণা এবং জামাই তথা প্রাক্তন মন্ত্রী পিএ মহম্মদ রিয়াসের বিরুদ্ধেও এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টে ইডির তরফে দেওয়া একটি রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই আজ, শুক্রবার এই নির্দেশ দিল কেরালা হাইকোর্ট। 

Advertisement

অভিযোগ ছিল, কোচির খনিজ সংস্থাকে সুবিধা দেওয়ার বিনিময়ে ঘুষ নিয়েছিলেন বিজয়ন। ইডির তরফে দেওয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কেরালার একটি আইটি পরামর্শ পরিষেবা প্রদানকারী সংস্থা পিনারাই কন্যা বীণা টি-র বন্ধ হয়ে যাওয়া একটি সংস্থা ‘এক্সালজিক সলিউশনস’-কে মোট ২.৭৮ কোটি টাকা দেওয়া হয়েছিল। যাতে দুর্নীতি হয়েছিল, সেটা স্পষ্ট। এছাড়াও আগস্ট মাসে ইডির তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, বীণার সঙ্গে বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর সময়ে কিছু নথিপত্র বা চিরকুট বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেগুলি ছিল হাতে লেখা। দুবাইয়ে টাকা পাঠানোর প্রমাণও পাওয়া গিয়েছে, বলেই সূত্রের খবর।

কেরালার প্রাক্তন পর্যটন মন্ত্রী রিয়াস বলেন, তাঁদের নিজেদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হয়েছে। গোটা ঘটনায় সরব হয়ে এবং ইডি-র তরফে দায়ের করা এই মামলার মোকাবিলা তাঁরা রাজনৈতিক ও আইনি, দুই পথেই করবেন, বলেও জানিয়েছেন পিনারাইয়ের জামাই।