বদায়ুঁ, ৭ সেপ্টেম্বর: রাজস্থানের বাঙ্গর থেকে তীর্থযাত্রার জন্য বেরিয়েছিলেন ৩২ জন। গন্তব্য ছিল উত্তরপ্রদেশের বদায়ুঁ। কিন্তু মাঝপথে যে অপেক্ষা করছিল ভয়ঙ্কর পরিণতি তা কে ভেবেছিল। তীর্থযাত্রীদের বাস উত্তরপ্রদেশের বাঘপতে পৌঁছতেই ঘটে গেল চরম দুর্ঘটনা। তখন এক্সপ্রেসওয়ে এর ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় তীর্থযাত্রীদের বাসটি। রবিবার মধ্যরাতে বাঘপতের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় চারজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত প্রায় ২০ জন। উদ্ধার হওয়া যাত্রীরা জানান, মধ্যরাত হওয়ায় বাসের সব যাত্রীই ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎই তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। তারপরেই উল্টে যায় বাসটি।



