


সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পিএমআর বা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ চালু হল। এর ফলে বীরভূম ও আশপাশের এলাকার বহু রোগী উপকৃত হবেন।
মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফিজিক্যাল মেডিসিন বিভাগ মূলত রোগীদের কার্যক্ষমতা ফিরিয়ে আনা ও ব্যথামুক্ত জীবন নিশ্চিত করতে কাজ করবে। পেশি ও অস্থিসন্ধির ব্যথা মানুষের দীর্ঘমেয়াদি সমস্যা। এছাড়া, আর্থরাইটিস বা গেঁটে বাত, স্ট্রোকের পরবর্তী পক্ষাঘাত, মেরুদণ্ডের আঘাত ও পারকিনসনিজমের মতো জটিল রোগের ক্ষেত্রেও এই বিভাগে থেরাপি ও চিকিৎসা হবে। অস্ত্রোপচার ছাড়াই জীবনযাত্রার মানোন্নয়ন ও ফিজিওথেরাপির মাধ্যমে রোগীকে স্বাভাবিক জীবনে ফেরানোই এই বিভাগ চালুর মূল উদ্দেশ্য। এই বিভাগের সহকারী অধ্যাপক সাগ্নিক মুখোপাধ্যায় বলেন, ইতিমধ্যে আমাদের ওপিডিতে রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়ছে।
মেডিকেলের অধ্যক্ষ করবী বড়াল বলেন, এই এলাকায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের ব্যাপক চাহিদা ছিল। এখন আর এলাকার রোগীদের উন্নত চিকিৎসার জন্য কলকাতা বা বর্ধমানে যেতে হবে না। নতুন বিভাগটি শুধু রোগীদের শারীরিক কষ্টই লাঘব করবে না, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে দৃষ্টান্ত গড়বে।