Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুলেশ্বরী-এনজেপি: উচ্ছেদের আগে শুনানির নোটিস, উদ্বেগে রেল লাইনের ধারের বাসিন্দারা

ফুলেশ্বরী-এনজেপি এলাকায় রেলের উচ্ছেদ নোটিসে আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের উদ্বেগ বাড়ছে। বিস্তারিত জানুন।

ফুলেশ্বরী-এনজেপি: উচ্ছেদের আগে শুনানির নোটিস, উদ্বেগে রেল লাইনের ধারের বাসিন্দারা
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: রেলের নোটিসে বাড়ছে উদ্বেগ। কাটিহারে শুনানির ডাক পেয়ে দুশ্চিন্তায় ফুলেশ্বরী-এনজেপি এলাকার বাসিন্দারা। শুক্রবার রেলের শুনানির নোটিস হাতে পেয়েছেন অবৈধ দখলদাররা। এরফলে শিলিগুড়ি শহরের ফুলেশ্বরী থেকে এনজেপি, এলাকার বহু বাসিন্দার মধ্যে উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রেলের অব্যবহৃত জমিতে লাইনের ধারে দোকানপাট ও বসতি গড়ে তুলেছিল বহু মানুষ। এবার সেই জমি উদ্ধারে উদ্যোগী হয়েছে রেল। 

Advertisement

এর আগে রেলের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে জমি জরিপ করেন এবং মৌখিকভাবে বাসিন্দাদের জমি খালি করার নির্দেশ দিয়ে যান। তারপর দীর্ঘদিন আর কোনো পদক্ষেপ না হওয়ায় অনেকেই মনে করেছিলেন, বিষয়টি হয়তো আর এগবে না। কিন্তু শুক্রবার একাধিক বাসিন্দার হাতে শুনানির নোটিস পৌঁছয়। 
স্থানীয় বাসিন্দা সুরেশ রায় জানান, নোটিসে বলা হয়েছে আগামী ২৪ জুলাই তাঁকে কাটিহার ডিআরএম অফিসে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে জানাতে হবে রেলের জমিতে অবৈধভাবে বসবাস করার পরও কেন তাঁকে উচ্ছেদ করা হবে না। নোটিসে আরও উল্লেখ রয়েছে, সন্তোষজনক ব্যাখ্যা বা প্রমাণ দিতে না পারলে, শুনানিতে হাজির না হলে রেল জমি উদ্ধারের বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিতে পারে। 
এই নোটিস পাওয়ার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের প্রশ্ন, এনজেপিতে এডিআরএম অফিস থাকা সত্ত্বেও শুনানির জন্য কেন কাটিহারে যেতে বলা হচ্ছে? তাঁদের দাবি, এত দূরে গিয়ে শুনানিতে অংশ নেওয়া সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। গোটা বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন ওই বাসিন্দারা। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ