Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফিট কোহলি, বাদ পড়তে পারেন যশস্বী, প্রবল চাপে ইংল্যান্ড, আজ জিতলেই সিরিজ টিম ইন্ডিয়ার

ফিট কোহলি, বাদ পড়তে পারেন যশস্বী, প্রবল চাপে ইংল্যান্ড, আজ জিতলেই সিরিজ টিম ইন্ডিয়ার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কটক: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে সূর্যকুমার যাদবের দল। এবার রোহিত-ব্রিগেডের সামনে ওডিআইয়ের সুদৃশ্য ট্রফিও বগলদাবা করার হাতছানি। তিন ম্যাচের সিরিজে আপাতত ১-০ এগিয়ে ভারত। নাগপুরে বৃহস্পতিবার চার উইকেটে জয় এসেছে ৬৮ বল বাকি থাকতে। রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামেও সেই আধিপত্য বজায় রেখে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গৌতম গম্ভীরের ছেলেদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।
Advertisement
প্রথম ম্যাচে যত দাপটেই জয় আসুক না কেন, ভারতীয় দল পুরোপুরি চিন্তামুক্ত নয়। অধিনায়ক রোহিত ক্রমাগত ব্যর্থ হয়েই চলেছেন। গত অক্টোবরে শেষবার আন্তর্জাতিক আসরে পঞ্চাশের গণ্ডি পেরিয়েছিলেন তিনি। তারপর শুধুই হতাশা। টেস্ট হোক বা সীমিত ওভারের ম্যাচ, অধিনায়কের ব্যাটে রানের দেখা মেলেনি। নাগপুরে মারতে গিয়ে আকাশে বল তুলে ফিরেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হিটম্যানের রানে ফেরা জরুরি। না হলে আরও চাপ বাড়বে তাঁর উপর। বিরাট কোহলি আবার সিরিজের প্রথম একদিনের ম্যাচে হাঁটুর সমস্যায় খেলেননি। কটকে প্রথম একাদশে ফিরছেন তিনি। তাৎপর্যের হল, কোহলিও রানে নেই। অফস্টাম্পের বাইরে ক্রমাগত খোঁচা দিয়ে আউট হচ্ছেন। রনজি ম্যাচেও ব্যর্থ। হাল এমনই যে, একজন বাস ড্রাইভার পর্যন্ত বাতলে দিচ্ছেন মহাতারকাকে ড্রেসিং-রুমে ফেরানোর উপায়। এই লজ্জা ও অপমানের আবহ দূর করতে প্রয়োজন বড় রান। পঞ্চাশ ওভারের ঘরানা তাঁর পছন্দের ফরম্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে রান পেলে আসন্ন মিনি বিশ্বকাপে ফুরফুরে মেজাজে নামতে পারবেন ভিকে। একদিনের ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানে পৌঁছতে কোহলির দরকার আর মাত্র ৯৪ রান। সেটাও ক্রিকেটপ্রেমীদের কাছে এই ম্যাচের আকর্ষণ বাড়াচ্ছে।
মুশকিল হল, কোহলিকে প্রথম এগারোয় আনতে গেলে একজনকে বাদ পড়তে হবে। সমস্যা সেখানেই। কারণ নাগপুরে ঝোড়ো ইনিংসের পর শ্রেয়স আয়ারকে বাদ দেওয়া সম্ভব নয়। তাই কোপ পড়তে পারে ওপেনার যশস্বী জয়সওয়ালের উপর। অভিষেক ম্যাচে রান পাননি তিনি। তাই পারফরম্যান্সের নিরিখে তাঁরই বাইরে বসার কথা। সেক্ষেত্রে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হবেন গিল। কিন্তু কোচ গম্ভীর আবার শুরুতে ডানহাতি-বাঁহাতি জুটি চাইছেন। ফলে রীতিমতো দোটানায় টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় বোলিং নিয়ে অবশ্য চিন্তার তেমন কারণ নেই। মহম্মদ সামিকে ছন্দেই দেখা গিয়েছে প্রথম ম্যাচে। হর্ষিত রানা অভিষেকে তিন উইকেট নিয়ে নজর কেড়েছেন। তৃতীয় পেসার হিসেবে হার্দিক পান্ডিয়াও নির্ভরযোগ্য। বর্ষীয়ান রবীন্দ্র জাদেজা যথারীতি ছিলেন মেজাজে। তিনটি উইকেট নেন তিনি। প্রত্যাবর্তন ম্যাচ কুলদীপ যাদবও নিরাশ করেননি। অক্ষর প্যাটেল আবার বোলিংয়ের চেয়ে বেশি আলো ছড়িয়েছেন ব্যাট হাতে। ফলে বোলিং আক্রমণে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই।
অন্যদিকে, প্রবল চাপে ইংল্যান্ড শিবির। প্রথম ম্যাচে শুরুটা ভালো করেও আড়াইশোর গণ্ডি টপকাতে পারেনি তারা। অধিনায়ক বাটলার অবশ্য ফর্মে রয়েছেন। রুট-ব্রুকরা ছন্দে ফিরলে তাঁর উপর থেকে চাপ কিছুটা কমবে। বোলিং বিভাগে জোফ্রা আর্চার এবং আদিল রশিদই বড় ভরসা।
 ম্যাচ শুরু দুপুর ১-৩০ মিনিটে।
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ