প্রকাশ্যে এল এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি, চরম বিড়ম্বনায় মোদি সরকার
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। মনে করা হচ্ছিল, তাঁর সফরের মধ্যেই বহু প্রতীক্ষিত  দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অবশেষে স্বাক্ষরিত হতে চলেছে। কিন্তু তার আগেই এপস্টাইন ফাইলের একটি অংশ প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। সেখানে একটি ছবিতে ভারতের পেট্রলিয়াম মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরীকে জেফ্রি এপস্টাইনের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে। এর পরেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির। অস্বস্তি বেড়েছে মোদি সরকারের।

Advertisement

মার্কিন বিদেশসচিবের ভারতে পা রাখার দিনই মার্কিন সরকারের বিচার বিভাগ এপস্টাইন ফাইলের একাংশ প্রকাশ করেছে। যদিও মূল বিতর্কের সূত্রপাত একটি ছবি ঘিরে। ওই ছবিতে দেখা যাচ্ছে, কুখ্যাত আন্তর্জাতিক লবিস্ট জেফ্রি এপস্টাইনের সঙ্গে তাঁর ড্রইংরুমে বৈঠক করছেন ভারতের পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। বিরোধীদের প্রশ্ন, এর পরেও হরদীপ সিং পুরীকে কেন বরখাস্ত করা হবে না? 
কেন এমন দাবি বিরোধীদের? ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এপস্টাইন ফাইল সংক্রান্ত বিতর্ক ঘিরে উত্তাল হয়েছিল ভারত। সেই সময় হরদীপ সিং পুরী সাফাই দিয়ে বলেছিলেন, ‘আমি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে অন্যতম সদস্য হিসাবে এপস্টাইনের সঙ্গে কয়েকবার দেখা করেছি। কিন্তু  আজ পর্যন্ত এককভাবে কোনোদিন এপস্টাইনের সঙ্গে দেখা হয়নি।’ এদিকে, মার্কিন বিচার বিভাগ যে ছবি প্রকাশ করেছে, তা থেকে স্পষ্ট যে, হরদীপ পুরী সত্য বলেননি। তিনি এককভাবে পৃথক এক বৈঠক করছেন এপস্টাইনের সঙ্গে। 
গত কয়েকদিন ধরে রাহুল গান্ধী কেন ভিয়েতনাম সফর করছেন, তা নিয়ে লাগাতার আক্রমণ ও কটাক্ষ করছে বিজেপি। রাহুল ভিয়েতনামে কাদের সঙ্গে দেখা করছেন, কেন তিনি সরকার বদলের কথা বলছেন বা বিদেশি শক্তির সঙ্গে তাঁর কী সম্পর্ক—এমনই নানা প্রশ্ন তুলে কংগ্রেস সাংসদের বিদেশ সফরকে নিশানা করেছে বিজেপি। পুরীর ছবি প্রকাশ্যে আসতেই প্রত্যাঘাতের সুযোগ পেয়েছেন রাহুল। বিদেশ থেকেই আক্রমণ শানিয়ে বিজেপি ও আরএসএসকে কংগ্রেস সাংসদের প্রশ্ন, মার্কিন সরকার এই ছবি প্রকাশ করে আসলে কোন দেশদ্রোহীকে ব্ল্যাকমেল করছে, তার জবাব দিতে হবে। যুব কংগ্রেসের বক্তব্য, এই ছবির মাধ্য‌মে মার্কিন সরকার আসলে বার্তা দিচ্ছে যে, তাদের কাছে এপস্টাইনের সঙ্গে ভারতের নেতাদের বিস্ফোরক কোনো প্রমাণ, ছবি আছে। প্রসঙ্গত, হরদীপ পুরীকে নিয়ে এর আগেও সরব হয়েছিল বিরোধীরা। এবারে একধাপ এগিয়ে এই  ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করেছেন রাহুল। এমনকি, ‘দেশদ্রোহী’ ও ‘ব্ল্যাকমেল’ শব্দও ব্যবহার করেছেন তিনি।