Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ফলো অন এড়ালেন বুমরাহ-আকাশ দীপ, ড্রয়ের পথে তৃতীয় টেস্ট

ফলো অন এড়ালেন বুমরাহ-আকাশ দীপ, ড্রয়ের পথে তৃতীয় টেস্ট
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ব্রিসবেন, ১৭ ডিসেম্বর: রোহিত-বিরাটদের ব্যর্থতা ঢেকে দিলেন লোকেশ রাহুল-জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে এখনও লড়ছে ভারত। এমনকী ফোলো অন খাওয়ার হাত থেকে দলকে বাঁচালেন যশপ্রীত বুমরাহ-আকাশ দীপরাও। কোনওরকমে পঞ্চম দিনে গড়াল তৃতীয় টেস্টের প্রথম ইনিংস। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, তৃতীয় টেস্টটি ড্র হয়ে যাবে। ব্রিসবেনে তৃতীয় টেস্টের শুরু থেকেই খলনায়ক হয়ে দাঁড়ায় বৃষ্টি। আবার কোনওদিন বৃষ্টি থামলেও খারাপ আলোর জন্য খেলা তাড়াতাড়ি শেষও করতে হয়েছে আম্পায়ারদের। সব নিয়েই তৃতীয় টেস্টে একাধিক ঘটনার ঘনঘটা। টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। যদিও বৃষ্টির জন্য বারবার থেমে যায় খেলা। যদিও বৃষ্টির মেঘ কাটতেই ব্যাটিংয়ে ভারতকে চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়া। সেঞ্চুরি হাঁকান স্টিভ স্মিথ, ১৫০ করেন ট্রাভিস হেড। তাঁদের কাঁধে ভর করেই অজিদের স্কোর দাঁড়ায় ৪৪৫। ব্যাট করতে নামে ভারত। কিন্তু সেই চেনা ছন্দপতন। প্যাট কামিন্সদের বোলিংয়ের সামনে ধরাশায়ী হয়ে যায় ভারতের টপ অর্ডার। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি ও ঋষভ পন্থরা ফিরে গিয়েছেন দুই অঙ্কের রান না করেই। ক্রিজে টিকে ছিলেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। যদিও আজ, মঙ্গলবার চতুর্থ দিনের শুরুতে আউট হয়ে যান রোহিত। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান রাহুল। রোহিতের পর ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। তিনিও রাহুলের সঙ্গে লড়াই চালিয়ে যান। তাঁদের জুটিতেই অজিদের বিরুদ্ধে ব্রিসবেনে লড়াইয়ে ফেরে ভারত। ৮৪ রান করেন রাহুল ও ৭৭-এ থেমে যান জাদেজা। তাঁরা আউট হতেই ফের সঙ্কট দেখা দেয় ভারতীয় শিবিরে। পরিস্থিতি এমন চলে আসে যে ফলো আন এড়ানোই চাপ হয়ে যায়। তবে কামিন্স ও স্টার্কদের বোলিংয়ের সামনে বুক চিতিয়ে লড়াই করে গেলেন আকাশ দীপ ও বুমরাহ। ৩১ বলে আকাশ দীপের ২৭ রান ও ২৭ বলে বুমরাহর ১০ রান ভারতকে ফলো আন খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। খারাপ আলোর জন্য এদিনও ম্যাচ নির্ধারিত সময়ের আগে শেষ করতে হয় আম্পায়ারদের। আগামী কাল, বুধবার পঞ্চম দিনে ভারত ব্যাট করতে নামবে। বিশেষজ্ঞদের ধারণা ব্রিসবেনের টেস্টটি ড্রয়ের দিকেই এগোচ্ছে। আজ, মঙ্গলবারও খেলার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। যদিও ভারতের কাছে সেটি আর্শীবাদ বলেই মনে করছেন অনেকে। এদিন ভারতের স্কোর- ৯ উইকেট হারিয়ে ২৫২। এখনও পিছিয়ে ১৯৩ রানে।
Advertisement
সম্পর্কিত সংবাদ