Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পেট্রল পাম্পে তেলের বদলে মিলছে শুধু জল! কাটোয়ায় তুমুল বিক্ষোভ ক্রেতাদের

ফুয়েল ট্যাংকে পেট্রলের বদলে ঢোকানো হয়েছে জল! বুধবার রাতে এমনই অভিযোগে কাটোয়া শহরের বর্ধমান রোডের একটি পেট্রল পাম্পে তুলকালাম পরিস্থিতি দেখা দেয়।

পেট্রল পাম্পে তেলের বদলে মিলছে শুধু জল! কাটোয়ায় তুমুল বিক্ষোভ ক্রেতাদের
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: ফুয়েল ট্যাংকে পেট্রলের বদলে ঢোকানো হয়েছে জল! বুধবার রাতে এমনই অভিযোগে কাটোয়া শহরের বর্ধমান রোডের একটি পেট্রল পাম্পে তুলকালাম পরিস্থিতি দেখা দেয়। প্রচুর গ্রাহক ওই পাম্পে এসে বিক্ষোভ দেখান। প্রত্যেকেরই অভিযোগ, জল মেশানো পেট্রল দেওয়া হয়েছে। তার জেরে কারো বাইক বিকল হয়ে পড়ায় গ্যারাজে নিয়ে যেতে হয়েছে। আবার কেউ বাইক ঠেলতে ঠেলতে পাম্পে এসে তেল ফেরত নেওয়ার চাপ দেন। অবশেষে ওই পাম্প কর্তৃপক্ষ ভুক্তভোগী গ্রাহকদের বাইক থেকে ওই পেট্রল বের করে নেয়। খবর পেয়ে কাটোয়া থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাম্প কর্তৃপক্ষের দাবি, পেট্রলে ইথানলের ভাগ বেশি হয়ে যাওয়ায় এমনটা হতে পারে।

Advertisement

বুধবার সন্ধে সাড়ে ৭টার পর থেকেই বর্ধমান রোডের ওই পেট্রল পাম্পে এই সমস্যা দেখা দেয়। পেট্রল ভরে নিয়ে যাওয়া গ্রাহকরা একে একে ফিরে আসতে থাকেন। তাঁরা প্রত্যেকেই দাবি করেন, ফুয়েল ট্যাংকে জল মেশানো পেট্রল ভরে দেওয়া হয়েছে। তার ফলে বাইক ও স্কুটারে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। অভিযোগ, প্রথম প্রথম পাম্প মালিক বিষয়টি এড়িয়ে যান। কিন্তু তারপর অনেক গ্রাহক এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের কেউ তেল ভরে চার কিমি চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। তারপর ঠেলতে ঠেলতে বাইক আবার পেট্রল পাম্পে নিয়ে আসেন। বিক্ষোভের খবর পেয়েই কাটোয়া থানার বিশাল পুলিশবাহিনী ওই পেট্রল পাম্পে পৌঁছায়। এরপরই প্রত্যেকের বাইক থেকে পাইপ দিয়ে ওই তেল বের করে নেওয়া হয়।
কাটোয়া শহরের বাসিন্দা মৃন্ময় চক্রবর্তী বলেন, আমি ৩০৪টাকার পেট্রল ভরেছিলাম। কিন্তু কিছু দূর গিয়েই দেখি, বাইক স্টার্ট নিচ্ছে না। তারপর পেট্রল পাম্পে ফিরে আসি। এখানে পাইপ দিয়ে তেল বের করে নেওয়া হয়। পেট্রলের রংটাই বদলে গিয়েছে! জল মেশানো হয়েছে বলে মনে হচ্ছে।
অপর বাইকচালক গোপাল হালদার বলেন, আমি ১৫০টাকার তেল ভরেছিলাম। আমার বাইকেরও একই পরিস্থিতি হয়। আমরা ফিরে এসে বিষয়টি পাম্প মালিককে বলতে গেলে তিনি প্রথমে আমাদের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করেন। তারপর একে একে বহু মানুষ এলে ওই পেট্রল পাম্প মালিকের ভোল পালটে যায়। এর আগেও এই পাম্পে এমন ঘটনা ঘটেছিল। আমরা টাকা দিয়ে ভেজাল তেল কেন ভরব? প্রশাসনের এঘটনার তদন্ত করে পাম্প মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।
এবিষয়ে ওই পাম্প মালিক সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। তাঁর বদলে ম্যানেজার রাজু মুখোপাধ্যায় বলেন, পেট্রলের সঙ্গে ২০শতাংশ ইথানল মেশানো থাকে। আমাদের মনে হচ্ছে, ইথানলের ভাগ বেশি হয়ে গিয়েছিল। তাই হয়তো এমন পরিস্থিতি দেখা দেয়। আমরা সংস্থাকে বিষয়টি জানিয়েছি। সবার পেট্রল বদলে দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ