Bartaman Logo
৫ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আবারও দাম বাড়ছে পেট্রল-ডিজেলের? মন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর মন্তব্যে পেট্রল-ডিজেলের দাম বাড়ার জল্পনা। ভারতে জ্বালানির সঞ্চয় ও চাহিদা নিয়ে বিস্তারিত পড়ুন।

আবারও দাম বাড়ছে পেট্রল-ডিজেলের? মন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সম্প্রতি চার দফায় দেশে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। এরইমধ্যে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ফের বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে পেট্রপণ্যের দাম অনেকটাই কম বাড়ানো হয়েছে। তাঁর দাবি, জ্বালানির জোগানে সংকটের এই পর্বে ১৯৩টি দেশের মধ্যে সম্ভবত জাপানই সবথেকে কম হারে বাড়িয়েছে পেট্রপণ্যের দাম। ভারতের স্থান ঠিক তারপরই। সুতরাং ভারতে যারা বলছে লাগাতার কয়েকদফায় দাম বাড়িয়ে আমজনতার উপর আর্থিক বোঝা চাপানো হয়েছে, তারা সামগ্রিক অবস্থা না জেনে অথবা ইচ্ছাকৃতভাবেই অসত্য কথা বলছে। তাঁর এই মন্তব্যের পরই জল্পনা ছড়িয়েছে, ফের কি দাম বাড়বে পেট্রল-ডিজেলের? 

Advertisement

পুরী বলেছেন, ভারতে ৩০ কোটি টু- হুইলার এবং ৩৭ লক্ষ প্রাইভেট কার রয়েছে। পাশাপাশি সরকারি বেসরকারি বাস, অটো, ট্রেকার এসব তো আছেই। পেট্রল-ডিজেলের বিপুল চাহিদা। তাঁর দাবি, দেশে ৮০ দিনের পেট্রল-ডিজেলের সঞ্চয় আছে। গত মার্চ মাস থেকে একদিনের জন্যও কোনো পেট্রল পাম্প শূন্য হয়ে যায়নি। এরকম সাপ্লাই লাইন বজায় রাখা যথেষ্ট কঠিন। যেটা সরকার সাফল্যের সঙ্গে করেছে। অথচ সেভাবে দাম বাড়ানো হয়নি। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বারংবার ফ্লেক্সি ফুয়েল গাড়ি ব্যবহারের উপর জোর দিয়েছেন। এর আগে দেখা গিয়েছে,  মন্ত্রী এধরনের বিবৃতির পরই পেট্রপণ্যের দাম বেড়েছে। অতএব বৃহস্পতিবার এই মন্তব্য করার ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি আবার দাম বাড়তে চলেছে পেট্রল ডিজেল অথবা এলপিজির? এর আগে দামবৃদ্ধির জেরে বিরোধীদের সমালোচনার জবাবে বারংবার সরকার একটিই কথা বলেছে। তা হল, ভারত অনেক বেশি দাম বাড়াচ্ছে এরকম নয়। এখনও তেল উৎপাদক সংস্থাগুলি ব্যারেল প্রতি প্রচুর লোকসান করছে।  কিন্তু সরকারের দাবি, সেই লোকসান কমাতে আমজনতার উপর বেশি চাপ দেওয়া হয়েছে এমন নয়। বরং অনেক কম আর্থিক বোঝা যাতে চাপানো হয় আমজনতার উপর, সেটাই করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ