Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, ৯ দিনে ৩ বার, ভ্যাট কমান, রাজ্যগুলিকে নিদান মোদি সরকারের

৯ দিনে ৩ বার। ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের। শনিবার সাতসকালে পেট্রলের দাম লিটারপ্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৯১ পয়সা বৃদ্ধির ঘোষণা করে তেল সংস্থাগুলি।

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, ৯ দিনে ৩ বার,  ভ্যাট কমান, রাজ্যগুলিকে নিদান মোদি সরকারের
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৯ দিনে ৩ বার। ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের। শনিবার সাতসকালে পেট্রলের দাম লিটারপ্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৯১ পয়সা বৃদ্ধির ঘোষণা করে তেল সংস্থাগুলি। কিন্তু আশঙ্কার শেষ এখানেই নয়। কারণ, ধাপে ধাপে পেট্রল-ডিজেলের দাম যথাক্রমে ৫.১৯ টাকা ও ৫ টাকা বৃদ্ধির পরও দুপুরে যে বিবৃতি দেওয়া হয়েছে মোদি সরকারের তরফে, তা আম জনতার কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। তাদের দাবি, এতকিছুর পরও সরকারি তেল সংস্থাগুলির লোকসান আকাশছোঁয়া রয়েই যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের পেট্রল-ডিজেলের দামের খতিয়ান প্রকাশ করে সরকারের আরও সাফাই, এখনও দুনিয়ার তাবৎ দেশের মধ্যে ভারতেই পেট্রপণ্য সস্তা। ফলে প্রশ্ন উঠছে, দাম যে আরও বাড়বে বা বাড়ানো যেতে পারে সেই আভাস দিয়ে রাখতেই কি এই বয়ান?

Advertisement

ডিজেলের দাম বাড়লে খুব স্বাভাবিক নিয়মেই পরিবহণ, পণ্য, ডিজেলজাত উপকরণ প্রত্যেক বস্তুর দাম বেড়ে যায়। শনিবারের দামবৃদ্ধির পর পণ্য পরিবহণের মাশুল ফের লিটারপ্রতি বেড়ে যাচ্ছে ৫৫ পয়সা। কয়েকদিন আগেই পণ্য পরিবহণ সংগঠনগুলি জানিয়েছে, ৪ শতাংশ বাড়ছে পণ্য মাশুল। ৪৮ ঘণ্টার মধ্যে সেই মাশুল আরও বেড়ে যাচ্ছে। লাগাতার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির পর কি আর এক দফা রান্নার গ্যাসের দাম বৃদ্ধি? এই প্রশ্ন ও আশঙ্কাও একইসঙ্গে। অর্থাৎ প্রবল মূল্যবৃদ্ধির চাপ শিয়রে।
তবে পেট্রল-ডিজেলে মূল্যবৃদ্ধির হ্যাটট্রিকের পর একেবারে হাত ‘গুটিয়ে’ বসে নেই মোদি সরকার। বরং সাফাই দিতে শনিবার তারা পরিসংখ্যান সহ দাবি করেছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যের আরোপ করা ভ্যাট অনেক কম। তাই পেট্রপণ্যের দামও কম সেখানে। যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত, অসম—সর্বত্র পেট্রলের লিটারপিছু দর ৯৯ থেকে ১০১ টাকার মধ্যে। কিন্তু ইন্ডিয়া জোটের শাসন যেখানে চলছে সেইসব রাজ্যে ভ্যাট ৩০ শতাংশেরও বেশি। তাই সেখানে পেট্রল ডিজেলের দাম নাগালের বাইরে। আর এইসব রাজ্যের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে তৃতীয় স্থানে ‘ডবল ইঞ্জিন’ পশ্চিমবঙ্গ! কারণ, বাংলাকে এখনও তৃণমূল শাসিত দেখানো হয়েছে। সেই সূত্রেই ভ্যাট কমাতে বলা হয়েছে বাংলাকেও। দিল্লির নির্দেশ মেনে যদি রাজ্যের নয়া বিজেপি সরকার পেট্রল-ডিজেলের উপর ভ্যাট কমায় তাহলে রাজ্যে পেট্রপণ্যের দাম কমবে। সুরাহা পাবেন বাংলার মানুষ।
এর আগেও কেন্দ্র তথা বিজেপি বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপ দিয়েছে ভ্যাট কমানোর জন্য। কিন্তু রাজ্যের আয় কমে যাবে বলে পূর্ববর্তী সরকার তা কার্যকর করেনি। কারণ পেট্রপণ্য বাবদ কর থেকেই সরকারের বড়োসড়ো আয় হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিজেপিশাসিত রাজ্যগুলি বাধ্য হয়েছে, তাদের রাজ্যে ভ্যাট কমাতে। এবার বাংলায় বিজেপি সরকার। সুতরাং ভ্যাট কমানো না হলে প্রশ্ন উঠতে বাধ্য, ক্ষমতাসীন হয়েও কেন ভ্যাট কমিয়ে আম জনতার বোঝা কমাচ্ছে না বিজেপি সরকার! বিশেষ করে কেন্দ্রই যেখানে তালিকা প্রকাশ করে দাবি করেছে যে, পশ্চিমবঙ্গের বলবৎ করা ভ্যাট অনেক বেশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ