সংবাদদাতা, বনগাঁ: নতুন ভবনের উদ্বোধন হলেও রাজনৈতিক যাঁতাকলে এতদিন থানা স্থানান্তরিত হয়নি। এবার নতুন ভবনে পেট্রাপোল থানা স্থানান্তরের তোড়জোড় শুরু হল। দ্রুত নতুন ভবনে স্থানান্তরিত করা হবে পেট্রাপোল থানাকে। বর্তমানে পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টের একদম কাছে পুরানো একটি ভবনে রয়েছে থানা। জিরো পয়েন্ট থেকে প্রায় ৭০০ মিটার দূরে বনগাঁর দিকে আধুনিক ভবন তৈরি হয়েছে। সেখানে থানা স্থানান্তরিত হলে স্থানীয়দের সুবিধা হবে।
২০২৩ সালে ৯ মে পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনের পর অবহেলায় পড়েছিল ভবনটি। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক মানের মডেল থানা ভবন তৈরি হলেও রাজনীতির যাঁতাকলে নতুন ভবনে থানা চালু হয়নি। সূত্রের দাবি, কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সংঘাতে নতুন ভবনে থানা স্থানান্তরিত করা যায়নি। এবার বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই পেট্রাপোল থানা নতুন ভবনে স্থানান্তরিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে থানার নতুন ভবন পরিদর্শন করেছেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া ও পুলিশের কর্তারা।
একদম জিরো পয়েন্টের কাছে পেট্রাপোল বন্দরের পুরানো একটি ভবনে থানা হওয়ায় সেখানে যেতে নানা সময় অসুবিধার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। ওই এলাকা বিএসএফের এক্তিয়ারভুক্ত হওয়ায় অনেকেই সেখানে যেতে ভয় পান। পেট্রাপোল থানার বাসিন্দা সন্তোষ ঘোষ বলেন, থানায় যেতে বিএসএফের নানা প্রশ্নের মুখে পড়তে হয়। কিছুটা এগিয়ে নতুন ভবনে থানা এলে সকলের সুবিধা হবে। থানার নতুন ভবন চালুর বিষয়ে খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, আমি এবং জেলার পুলিশ সুপার থানা ভবন দেখে এসেছি। খুব শীঘ্রই নতুন ভবনে থানা চালু হবে। এবিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাসগুপ্ত বলেন, নতুন ভবনে বৈদ্যুতিক সংযোগ ছিল না। আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করেছি। কাজ সম্পন্ন হলেই নতুন ভবনে দ্রুত থানা স্থানান্তর করা হবে।