Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

ধারাবাহিক ভুল চলতে পারে না, নিট নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নিট-ইউজি নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ভর্ৎসনা করেছে। ধারাবাহিক ভুল চলতে পারে না, বিস্তারিত জানুন।

ধারাবাহিক ভুল চলতে পারে না, নিট  নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিট-ইউজি নিয়ে এবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, এভাবে ধারাবাহিক ভুল-ত্রুটি চলতে পারে না। বিষয়টির কোথাও শেষ হওয়ার প্রয়োজন। এদিন নিটের প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রশ্ন ফাঁস ও তা নিয়ে পরবর্তী পদক্ষেপের উপর শীর্ষ আদালত নিবিড়ভাবে নজর রাখবে এবং নিয়মিত পর্যালোচনা করবে। কম্পিউটার বেসড টেস্টিং (সিবিটি) পদ্ধতিতে নিট আয়োজনের যে ভাবনাচিন্তা চলছে, সেই বিষয়েও কেন্দ্রের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে ডিভিশন বেঞ্চ। এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, ‘আমরা এভাবে চলতে দিতে পারি না। নিট সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কী পদক্ষেপ করছেন, আমাদের জানান। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা ব্যবস্থায় আপনারা কীভাবে তথ্য সুরক্ষিত রাখবেন, তাও দয়া করে আমাদের জানান। সব কিছু যাতে প্রাতিষ্ঠানিক রূপ পায়, তা আমরা নিশ্চিত করব।’ কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, পড়ুয়াদের স্বার্থ নিশ্চিত করতে সরকার সাধ্যের চেয়েও বেশি কিছু করার চেষ্টা করছে। আদালতের সামনে ‘সামগ্রিক চিত্র’ তুলে ধরার জন্য তিনি আরও কিছুটা সময় চেয়ে নেন। ৩ আগস্ট ফের এই মামলার শুনানি হবে। 

Advertisement

যন্তর মন্তরে পড়ুয়াদের ধরনায় পুলিশি নিপীড়নের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। ২৭ জুলাই সেই মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত। এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে এই মামলার উল্লেখ করা হয়। প্রধান বিচারপতি জানান, সোমবার এর শুনানি হবে। এদিকে, পুলিশি নিপীড়নের অভিযোগ সংক্রান্ত মামলা শুনতে রাজি না হওয়া এবং ‘সময় নষ্ট না করা’ সংক্রান্ত যে খবর ছড়িয়েছে, তাকে ভিত্তিহীন বলেছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, সেদিন কোনো রিট পিটিশনই দায়ের হয়নি। তাই মামলা না শোনার কোনো বিষয়ই নেই। এই ধরনের ভিত্তিহীন খবর করার জন্য সংবাদপত্রের কড়া সমালোচনা করেছেন প্রধান বিচারপতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ