Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১০ দফা শর্ত মেনে চলার মুচলেকা দিলেই মিলবে অনুষ্ঠানের অনুমতি

দশদফা মুচলেকা দিলেই এবার থেকে অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার (ওএটি) ভাড়া দেওয়া হবে আয়োজকদের

১০ দফা শর্ত মেনে চলার মুচলেকা দিলেই মিলবে অনুষ্ঠানের অনুমতি
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দশদফা মুচলেকা দিলেই এবার থেকে অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার (ওএটি) ভাড়া দেওয়া হবে আয়োজকদের। সম্প্রতি সায়েন্স ফ্যাকাল্টির পড়ুয়াদের বার্ষিক অনুষ্ঠানে সময়ের পরে শব্দবিধি লঙ্ঘন করে বক্স বাজার অভিযোগ করেন এক স্থানীয় বাসিন্দা। অভিযোগটি খতিয়ে দেখার পরে এই সুপারিশগুলি করেছিল কমিটি ফর অ্যাপ্রুভিং অ্যান্ড মনিটরিং অব প্রোগ্রামস। তার ভিত্তিতেই কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি দিয়েছে বলে খবর। নির্দেশিকায় বলা হয়েছে, অনুষ্ঠানে সরকারি নিয়ম মেনে সাউন্ড বক্স বাজাতে হবে। অনুষ্ঠান শেষের ১২ ঘণ্টা বা কাজ শুরুর দিনের মধ্যে যেটি আগে, তার মধ্যে অনুষ্ঠান স্থল পরিষ্কার করতে হবে আয়োজকদের। ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স সেকশনের অনুমতি নিয়ে হবে অনুষ্ঠানের আগে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই অনুষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অনুষ্ঠানের জন্য স্টল করতে হলেও মেনে চলতে হবে বিধি। কোনো পেভার ব্লকের ক্ষতি করে স্টল দেওয়া যাবে না। স্টল হবে না রাস্তা আটকে। আগুন জ্বেলে বা ইলেকট্রিক আভেনেও কোনো রান্না করা যাবে না। এর আগে এই সবকটি অভিযোগই উঠেছিল পড়ুয়াদের বিরুদ্ধে। এছাড়া অনুষ্ঠানে মদ মাদক, বহিরাগতদের অনৈতিক জমায়েত প্রভৃতিতেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেস্ট চলাকালীন নানা অপ্রীতিকর ঘটনায় এর আগে রাজ্য রাজনীতি পর্যন্ত তোলপাড় হয়েছে। হোক কলরব আন্দোলনের মূল ঘটনার সূত্রপাতই হয়েছিল একটি ফেস্ট চলাকালীন। তাছাড়া গতবছর ফেস্টে এক ছাত্রী জলে ডুবে মারা গিয়েছিলেন। তবে, এসব নিয়ম কতটা কার্যকর হবে, সেই প্রশ্নও তুলছে ওয়াকিবহাল মহল। এদিকে, আজ, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নাল কমপ্লেইন্টস কমিটির ছাত্র প্রতিনিধি বাছাইয়ের নির্বাচন রয়েছে। সেই কারণে এদিন যাবতীয় শিক্ষামূলক কাজ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে এই নির্বাচন সংক্রান্ত প্রচার ঘিরেও উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। তাই বুধবার কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকানো চ্যালেঞ্জ কর্তৃপক্ষের কাছে। সেই কাজে তারা কতটা সফল হয়, সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ