Bartaman Logo
২৫ জুন, ২০২৬

চার সপ্তাহের মধ্যেই স্থায়ী উপাচার্য নিয়োগ বাংলার তিন বিশ্ববিদ্যালয়ে, আড়াই বছর ধরে চলা মামলার নিষ্পত্তি

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ মামলার নিষ্পত্তি হল। শুক্রবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়ে দিল, রাজ্যের যে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বাকি রয়েছে, তা আগামী চার সপ্তাহের মধ্যে হয়ে যাবে।

চার সপ্তাহের মধ্যেই স্থায়ী উপাচার্য নিয়োগ বাংলার তিন বিশ্ববিদ্যালয়ে, আড়াই বছর ধরে চলা মামলার নিষ্পত্তি
  • ৯ মে, ২০২৬ ১২:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ মামলার নিষ্পত্তি হল। শুক্রবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়ে দিল, রাজ্যের যে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বাকি রয়েছে, তা আগামী চার সপ্তাহের মধ্যে হয়ে যাবে। উপাচার্য পদের জন্য নাম নির্বাচন করেছে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন ‘সার্চ অ্যান্ড সিলেকশন’ কমিটি। গত ৯ মার্চ মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেই সমক্রান্ত রিপোর্ট। মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে চলেছেন তাপস চক্রবর্তী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দ্বৈপায়ন ভরদ্বাজ 

Advertisement

এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের রঞ্জন চক্রবর্তীকে উপাচার্য হিসেবে বাছা হয়েছে। সেই তালিকা আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির কাছে পাঠিয়ে দেবে রাজ্য সরকার। আচার্য সেই নাম যাচাই করে অনুমোদন দেবেন। সেই মতো নিয়োগ করবে রাজ্য সরকার। আগামী চার সপ্তাহের মধ্যেই।
আচার্য তথা রাজ্যপালের হয়ে এদিন আদালতে হাজির ছিলেন দেশের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি এবং আইনজীবী জয়দীপ মজুমদার। দীর্ঘ আড়াই বছর ধরে চলা মামলা নিষ্পত্তি হওয়ার জন্য বিচারপতিদ্বয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত আদালতে জানান, সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি যে নাম নির্বাচন করেছে তা আচার্যর কাছে পাঠিয়ে দেওয়া হবে। নতুন নামে কোনো আপত্তি নেই। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টে চলছিল এই মামলা। রাজ্য-রাজ্যপাল মতবিরোধ না মেটায় ২০২৪ সালের ৮ জুলাই শীর্ষ আদালত প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে গঠন করে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি। এতদিনে সেই মামলার সম্পূর্ণ নিষ্পত্তি হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ