Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাকাউন্টে ঢোকেনি পেনশন, ৮০ লক্ষ পিএফ গ্রাহক বিপাকে

মাস শেষের আগেই পরের মাসের পেনশন পেয়ে যান ‘এমপ্লয়িজ পেনশন স্কিম’ (ইপিএস)-এর আওতায় থাকা প্রবীণরা। এই প্রথম সেই পেনশন মিলল না যথা সময়ে!

অ্যাকাউন্টে ঢোকেনি পেনশন, ৮০ লক্ষ পিএফ গ্রাহক বিপাকে
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মাস শেষের আগেই পরের মাসের পেনশন পেয়ে যান ‘এমপ্লয়িজ পেনশন স্কিম’ (ইপিএস)-এর আওতায় থাকা প্রবীণরা। এই প্রথম সেই পেনশন মিলল না যথা সময়ে! ৮০ লক্ষ প্রবীণ নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের পেনশন ঢুকে যাওয়ার কথা ছিল শুক্রবার অর্থাৎ ৩১ জুলাইয়ের  মধ্যে। কিন্তু শনিবার পর্যন্ত তাঁরা পেনশন পাননি। স্বভাবতই এই পেনশনভোগীদের বড়ো অংশ উদ্বিগ্ন। যদিও ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ বা ইপিএফও কর্তাদের দাবি, কাল, সোমবার তাঁদের অ্যাকাউন্টে পেনশন ঢুকতে পারে। প্রযুক্তিগত সমস্যার কারণেই এই বিলম্ব। তবে শুধু পেনশন নয়,  পিএফ গ্রাহকরা গত একমাস ধরেই নাজেহাল হচ্ছেন। যাঁরা অগ্রিম টাকা তোলার জন্য আবেদনের চেষ্টা করেছেন, তাঁদের আবেদন গৃহীত হয়নি অথবা গৃহীত হলেও টাকা মেলেনি। 

Advertisement

প্রসঙ্গত, পিএফ সংক্রান্ত যাবতীয় পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে প্রযুক্তিগত খোলনলচে বদলানোর উদ্যোগ নেয় ইপিএফও। গত এক বছর ধরে সেই কাজ চলেছে। তখনও পিএফ সংক্রান্ত পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছিলেন গ্রাহকরা। গত জুন মাসের শেষ চারদিন পরিষেবা একেবারে স্তব্ধ করে দেয় ইপিএফও। তারা জানায়, প্রযুক্তিগত পরিবর্তনের কারণে পোর্টাল বন্ধ রাখতে হয়েছে। এরপর নতুন প্রযুক্তিতে পরিষেবা দেওয়া শুরু হলেও প্রাথমিকভাবে কিছু সমস্যা দেখা যাচ্ছে। ফলে বেশ কিছুদিন ধীরগতিতে মিলবে পরিষেবা। নয়া প্রযুক্তি একবার পুরোদমে চালু হয়ে গেলে আবেদনের তিন দিনের মাথায় ক্লেম পাবেন গ্রাহকরা। স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে গোটা প্রক্রিয়া। কিন্তু এক মাস কাটলেও গ্রাহকদের বড়ো অংশের কাছে এসব সুবিধা অধরা বলে অভিযোগ। অনলাইনে ক্লেম করার পর এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে, অ্যাকাউন্টে টাকা ঢোকেনি—এমন অনেক উদাহরণ সামনে আসছে। এবার হয়রানির তালিকায় যুক্ত হলেন পেনশন প্রাপকরাও! ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে  আন্দোলন করছে ‘ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি’। তাদের রাজ্য সম্পাদক তপন দত্ত বলেন, ‘শনিবার পর্যন্ত আমরা আগস্টের পেনশন পাইনি। সল্টলেক অফিস থেকে প্রযুক্তিগত কারণের কথা বলা হয়েছে। তাই নাকি পেনশন ঢুকতে দেরি হবে!’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ