নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ ভারতে প্রকাশ করছে না পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। শুক্রবার প্রকাশনা সংস্থাটির তরফে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ভারতে তারা এই বইটি ছাপছে না। সূত্রের খবর, বইয়ের বেশ কিছু অংশের পরিবর্তন ও বাদ দেওয়ার ‘পরামর্শ’ দিয়েছিল প্রকাশনা সংস্থাটি। ওই সূত্রটি আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস এবং ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশ নিয়ে নিজের মতামত লিখেছেন সোনিয়া। এর মধ্যে বেশ কিছু বিষয়ে ইতিমধ্যেই বিতর্ক রয়েছে। সেগুলিকেই বাদ অথবা বদলানোর পরামর্শ দিয়েছিল প্রকাশনা সংস্থা। কিন্তু সোনিয়া তাতে রাজি হননি। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, নিজের জীবনের কথা বলতে গিয়ে তিনি কোনো বিকৃত তথ্য দেবেন না।
যদিও পেঙ্গুইন ইন্ডিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, সম্পাদনা সংক্রান্ত পরিবর্তনের পরামর্শ মেনে নিতে অস্বীকার করায় বই প্রকাশ থেকে সরে আসার যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। তারা বইটি ছাপতে যথেষ্ট আগ্রহী। কিন্তু লেখকদের দেওয়া তথ্য যাচাই করা এবং প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করাও তাদের দায়িত্ব। বিষয়টি নিয়ে লেখিকার সঙ্গে আলোচনাও হয়েছে। তবে, সোনিয়ার সঙ্গে গোপন আলোচনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রকাশনা সংস্থা।
ভারতে ছাপতে রাজি না হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে সোনিয়ার আত্মজীবনী প্রকাশ করছে মূল প্রকাশনা সংস্থা আমেরিকার পেঙ্গুইন র্যান্ডম হাউস। সংস্থার তরফে আলফ্রেড এ নফ আগেই জানিয়ে দিয়েছেন, ১০ নভেম্বর বইটি প্রকাশ পাবে। তবে পেঙ্গুইন ইন্ডিয়া সরে আসতেই একাধিক ভারতীয় সংস্থা সোনিয়ার আত্মজীবনী ছাপার জন্য এগিয়ে এসেছে। সূত্রের খবর, হারপার কলিন্সের সঙ্গে এই বিষয়ে আলোচনা কার্যত চূড়ান্ত। এদিকে, পেঙ্গুইন ইন্ডিয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য পেঙ্গুইন যদি এই বই ছাপতে পারে, তাহলে ভারতে তাদের কীসের সমস্যা? পেঙ্গুইনের ‘তথ্য যাচাই’ প্রক্রিয়া যথেষ্ট হাস্যকর! রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দেশের একজন প্রবীণ রাজনীতিক ও প্রাক্তন বিরোধী দলনেত্রী সোনিয়া গান্ধীর বই প্রকাশ আটকে দেওয়া, মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করার সমতুল।’ একই অভিযোগ করেছেন কমল নাথ ও গৌরব গগৈ। গৌরব লিখেছেন, বিজেপি এখন ভারতীয়দের বই পড়ার বিষয়টিকেও ভয় পাচ্ছে।