


সমীর মাহাত, গোপীবল্লভপুর: কোনো রকম অশান্তি ছাড়াই স্বতঃস্ফূর্ত ভোটদান দেখল ঝাড়গ্রাম। ভোটের সময়সীমা শেষ হওয়ার আগেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট দেওয়ার কাজ সেরে ফেলেন এলাকার ভোটাররা। বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যেই জেলায় ৯০. ৫৩ শতাংশ ভোট পড়ে যায়। ভোটের দিন দিনভর বুথে, বুথে বেরিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন গোপীবল্লভপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। এদিন সকাল থেকেই প্রত্যেক বুথেই মানুষ ভোটের লাইনে ভিড় জমাতে থাকেন। বেলা ১টার মধ্যেই গোটা ঝাড়গ্রাম জেলায় ৬৫.৩১ শতাংশ ভোট পড়ে যায়। বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়ে ৯০.৫৩ শতাংশ। এর মধ্যে বিনপুর কেন্দ্রে ৯০.৭৯ শতাংশ, গোপীবল্লভপুর কেন্দ্রে ৯১.০১ শতাংশ , ঝাড়গ্রাম কেন্দ্রে ৯১.০৩ শতাংশ ও নয়াগ্রাম কেন্দ্রের ৮৯.২১ শতাংশ ভোট পড়ে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এত কম সময়ের মধ্যে এত শতাংশ ভোটের হার আগে কোনোদিন ঝাড়গ্রাম জেলা দেখেনি। অনেকেই মনে করছেন, এবারে এসআইআর প্রক্রিয়ার জন্য মানুষ সব কাজ ফেলে সময় অতিবাহিত না করে আগে ভোটদানে অংশ নিয়েছেন। এদিন ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে গোপীবল্লভপুর কেন্দ্রের বুথে, বুথে ঘুরে বেড়ান তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। তিনি এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ প্রথমে পৌঁছে যান সাঁকরাইল ব্লকের চুনপাড়া, দুধকুণ্ডি, খুদমরই সহ বিভিন্ন বুথে। ভরদুপুরে তিনি এই বিধানসভা কেন্দ্রের ঝাড়গ্রাম ব্লকের প্রান্তিক এলাকা সরডিহা, চুবকা খালশিউলি এলাকার বিভিন্ন বুথ ঘুরে দেখেন। এনিয়ে এদিন তৃণমূল প্রার্থী অজিতবাবু বলেন, মানুষ সুন্দর ভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট নিজে দিতে পেরেছেন। কোনোরকম অশান্তি ছাড়াই সুন্দর ভোট হয়েছে।
এনিয়ে গোপীবল্লভপুর কেন্দ্রের সাঁকরাইলের ভোটার সুশান্ত মাহাতো, রবি মাহাতোরা বলেন, আমাদের সাঁকরাইল এলাকার অধিকাংশ বুথে ভোটের সময়সীমার আগেই মানুষ ভোটদান করেছেন। গোপীবল্লভপুর বিধানসভা এলাকার ভোটার অমিয় মাহাতো বলেন, জঙ্গলমহল একেবারে শান্তিপ্রিয় জায়গা। বুথে, বুথে সবাই মিলেমিশে শৃঙ্খলাপূর্ণভাবে ভোট দিয়েছেন। ঝাড়গ্রামে একটি ভোটারদের লাইন।