


ওয়াশিংটন, ১৬ এপ্রিল: নতুন করে শান্তি বৈঠকের উদ্যোগ শুরু। তবে এবার আমেরিকা-ইরান নয়, আলোচনায় বসতে চলেছে ইজ়রায়েল এবং লেবানন। শুক্রবারই দুই দেশের নেতারা আলোচনায় বসবেন, বৃহস্পতিবার এই ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে এই কথা জানান তিনি। বৈঠকে কারা থাকবেন সে কথা যদিও জানান নি মার্কিন প্রেসিডেন্ট। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের এই শান্তি আলোচনায় উপস্থিত থাকেন কিনা সে দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
ট্রাম্পের দাবি মত যদি এই বৈঠক হয় তাহলে, ৩৪ বছর পর যুযুধান দুই দেশের নেতারা মুখোমুখি হতে চলেছেন। ১৯৮৩ সালে লেবানন যুদ্ধের পরে এই প্রথম দুই দেশের নেতারা বৈঠকে বসতে চলেছেন। এই আলোচনার মধ্যস্থতা করবে আমেরিকা।
গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সংঘর্ষে লেবাননও জড়িয়ে পড়ে। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতি চললেও, ইজরায়েল লেবাননে হামলা বন্ধ করে নি। লেবাননের দক্ষিণে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা দীর্ঘদিন ধরেই সক্রিয়। সেখানে তো বোমাবর্ষণ হয়েইছে। পাশাপাশি লেবাননের অন্য জায়গাতেও তার আঁচ গিয়ে পড়ে। এই পরিস্থিতিতে দুই দেশের নেতাদের আলোচনায় বসা বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।