নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন আগেই ইডেনে জাতীয় দলের হয়ে টি-২০ ম্যাচ খেলতে এসেছিলেন সূর্যকুমার। এবার ক্রিকেটের নন্দনকাননে স্কাই হাজির রনজি ট্রফির ম্যাচ খেলতে। শনিবার কোয়ার্টার ফাইনালে হরিয়ানার মুখোমুখি হবে মুম্বই। তার আগে ইডেনে অনুশীলনে এসে রোমাঞ্চিত সূর্যকুমার যাদব। মাঠ থেকে বেরনোর সময় সূর্য বলছিলেন, ‘ইডেন আমার খুবই পছন্দের মাঠ। কখনও হতাশ করে না।’ সূর্যকুমার, রাহানেরা মাঠ থেকে বেরতেই তাঁদের ঘিরে ধরেন অনুরাগীরা। হাসি মুখেই অনুরাগীদের অটোগ্রাফ ও নিজস্বীর আবদার মিটিয়ে টিম বাসে ওঠেন সূর্যরা।
Advertisement
সূর্যকুমার ভারতের টি-২০ দলের অধিনায়ক। কিন্তু টেস্ট দলে নিয়মিত নন তিনি। রাহুল দ্রাবিড় জমানায় একটা ম্যাচে সুযোগ পেলেও দাগ কাটতে ব্যর্থ। তবে হাল ছাড়তে নারাজ স্কাই। রনজি ট্রফিতে ভালো পারফরম্যান্স করে ফের টেস্ট দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য তাঁর। এদিকে, এদিন ইডেনে ভারতীয় অধিনায়কের নজর কাড়লেন এক নেট বোলার। নাম প্রিয়াংশু প্যাটেল। তরুণ বাঁহাতি স্পিনারকে ডেকে দীর্ঘক্ষণ কথা বললেন সূর্য। ইডেন ছাড়ার সময় বাংলার নেট বোলারের প্রশংসা শোনা গেল সূর্যের মুখে। তিনি বলছিলেন, ‘দারুণ প্রতিভা। এদিন নেটে ওর বল খেলতে সমস্যা হচ্ছিল ব্যাটারদের। তাই ওর সঙ্গে কথা বলছিলাম।’ ভারতের টি-২০ অধিনায়কের মন জিততে পেরে আপ্লুত প্রিয়াংশুও। ময়দানে পাইকপাড়া ক্লাবে খেলেন এই বাঁহাতি স্পিনার। অতীতে টিম ইন্ডিয়ার নেটেও বল করেছেন তিনি। প্রিয়াংশু বলছিলেন, ‘এদিন মুম্বইয়ের উইকেটরক্ষককে আউট করেছিলাম। সেটা দেখেই সূর্যভাই আমায় ডাকেন।’



