মহিষাসুরমর্দিনী রূপে পায়েল
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মহালয়া বাঙালির কাছে আবেগ। মহালয়া দুর্গাপুজোর কলিং বেল। সান বাংলা দর্শকদের জন্য ভিন্ন ধারায় সেই আয়োজন করছে। অনুষ্ঠানের নাম ‘অকাল বোধন’। সেখানে মহিষাসুরমর্দিনী রূপে থাকবেন অভিনেত্রী পায়েল দে। এই সুযোগ পায়েলের কাছে আশীর্বাদের মতো। তিনি বললেন, ‘আমি এই চ্যানেলের ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’র ‘আলো’ চরিত্রে অভিনয় করি। ফলে আমিও এই পরিবারের সদস্য। তাই এটা আমার কাছে বড় সুযোগ। প্রত্যেক নৃত্যশিল্পীই ভাবে মহিষাসুরমর্দিনী তাকে দেওয়া হলে সে প্রাণপণ চেষ্টা করবে। আমিও সে চেষ্টাই করছি। আমার কাছে বহুবছর বাদে এই সুযোগ ফিরে এসেছে। আমাদের লুক সেট হয়ে গিয়েছে। রিহার্সাল শুরু হয়েছে। সব মিলিয়ে একটা দারুণ পারফরম্যান্স হবে বলে আমার বিশ্বাস। পৌরাণিক বিষয়টা মাথায় রেখে আধুনিকতার মেলবন্ধন রয়েছে। চিত্রনাট্যও সেভাবে লেখা হয়েছে।’ দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপ বর্ণনা রেডিওতে শুনে এবং টেলিভিশনে দেখে পুজোর আমেজ উপভোগ করে বাঙালি। সেই পরীক্ষায় পায়েল কতটা দর্শকের মন জয় করতে পারেন, এবার সেটাই দেখার।

Advertisement