বেঙ্গালুরু: ইসকনের সাত্ত্বিক-নিরামিষ খাবারে পর্যাপ্ত প্রোটিন ও পুষ্টি পাচ্ছে না রোগীরা। অবিলম্বে সরকারি হাসপাতালে খাবার সরবরাহ বন্ধ করুক ইসকন। রোগীদের এই ধরনের খাবার দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। এমনই দাবি জানিয়ে সরব হল কর্ণাটকের ড্রাগ অ্যাকশন ফোরাম (ডিএএফ-কে)। ফোরামের আরজি, খাবার সরবরাহ বন্ধ করতে ইসকনকে দ্রুত নির্দেশ দিক স্বাস্থ্যদপ্তর।
দিনকয়েক আগে বাংলায় ইসকনের তরফে মিড ডে মিল চালু নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছিল। এনিয়ে সুর চড়িয়েছিল রাজ্যের বিরোধী দলগুলি সহ নানা মহলের বিশিষ্টরা। বিরোধীদের কটাক্ষ, ইসকনের সাত্ত্বিক খাবারে পর্যাপ্ত প্রোটিন পাবে না ছোটো ছোটো পড়ুয়ারা। রাস্তাঘাটে নেতাদের ডিম না ছুড়ে বাচ্চাদের মিড-ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করা হোক। এরপর স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রোটিন যুক্ত সম্পূর্ণ আহার দিতে এবার ডিমও দেবে রাজ্য। এনিয়ে এখনও চর্চা জারি। এরইমাঝে কর্ণাটকের ঘটনায় ফের জল্পনা তুঙ্গে।
মেঙ্গালুরুর গভর্নমেন্ট ওয়েনলক হাসপাতালকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ড্রাগ ফোরামের তরফে জানানো হয়েছে, আগে হাসপাতালে প্রতিদিন রোগীদের ডিম ও মাছ দেওয়া হত। ২০২০ সালে ইসকনের নিরামিষ খাবার চালু হতেই সব বন্ধ হয়ে যায়। চিকিৎসা চলাকালীন বিশেষত সুস্থ হওয়ার ক্ষেত্রে রোগীদের জন্য অত্যন্ত জরুরি প্রোটিন সমৃদ্ধ খাবার। ইসকনের ধর্মীয় ভাবাবেগ ও রীতিনীতির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু পুষ্টিকর-সুষম খাবারের বদলে নিরামিষ খাবার দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত কাজ নয়। অবিলম্বে তা বন্ধ করতে হবে।