নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দিষ্ট সময়ে বিমান না ছাড়ায় যাত্রী বিক্ষোভ আছড়ে পড়ল কলকাতা বিমানবন্দরে। বুধবার সকালের ঘটনা। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ছাড়ার কথা ছিল। বিমানে ১৭০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের বোর্ডিং পাস প্রদান করা হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে বিমান না ছাড়ায় যাত্রীরা ক্ষোভ উগরে দেন। বিমানবন্দর চত্বরেই যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার কর্মীদের তর্কাতর্কি বেঁধে যায়। তুমুল হট্টগোল হয় বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এড়িয়ায়। বিমান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, প্রযুক্তিগত কারণে বিমান ছাড়তে দেরি হয়েছে। বিমানে যান্ত্রিক ত্রুটি পাওয়া গিয়েছে বলে দাবি করে বিমান সংস্থা। কিন্তু যাত্রীদের অভিযোগ, বিমানে ত্রুটির বিষয়টি আগে থেকে কেন দেখা হয়নি? আর বিমান ছাড়তে দেরি হচ্ছে, সেটাও কেন ঘোষণা করা হয়নি? দীর্ঘক্ষণ ধরে যাত্রী বিক্ষোভ চলার পর বেলা সাড়ে ১১টা নাগাদ বিমানটি রওনা হয়।



