Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিমানবন্দর থেকে অন্যত্র যাওয়ার যাত্রী কমল ১১ শতাংশ

কলকাতা বিমানবন্দর থেকে অন্যত্র যাওয়ার যাত্রী কমল ১১ শতাংশ
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাম্প্রতিক পরিস্থিতিতে গত কয়েকদিনের পরিসংখ্যানে কলকাতা থেকে দেশের অন্যান্য শহরগামী বিমানযাত্রীর সংখ্যা কমেছে। আনুমানিক দুই থেকে তিন হাজার যাত্রী এক ধাক্কায় কমে গিয়েছে। মনে করা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে অনেকেই পর্যটন কেন্দ্রগুলিতে যেতে চাইছেন না। আর যাঁদের যাওয়ার পরিকল্পনা আগে থেকে নেওয়া ছিল, তাঁরাও ট্যুর বাতিল করছেন।

Advertisement

সাধারণত কলকাতা বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে ২৫ হাজার যাত্রী দেশের অন্যত্র শহরগুলিতে ভ্রমণ করেন। গ্রীষ্মকালীন ছুটিতে কলকাতা থেকে অন্যত্র পর্যটক কেন্দ্রগুলিতেও যেতে দেখা যায় পর্যটকদের। ফলে তার জেরে বিমানযাত্রীর সংখ্যাও বেশ খানিকটা বৃদ্ধি পায়। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে দেখা গিয়েছে, এইসময়ে অনেকেই কলকাতার বাইরে যেতে চাইছেন না। আবার যাঁদের এই সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আগে থেকে নেওয়া ছিল, তাঁরাও বেড়াতে যেতে আগ্রহ প্রকাশ করছেন না। ফলে তার জেরে বিমানযাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, প্রায় ১১ শতাংশ বিমানযাত্রী কমে গিয়েছে। মূলত কলকাতার বাইরে অনেকেই যাচ্ছেন না। দেশের সাম্প্রতিক পরিস্থিতি শান্ত হওয়ার পর ফের বিমানযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন বিমানবন্দরের আধিকারিকরা। তবে আন্তর্জাতিক বিমানযাত্রীদের যে সংখ্যা স্বাভাবিক সময়ে থাকে, এখনও তাই আছে বলে জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে।
এদিকে হাই অ্যালার্ট জারি হওয়ার পর থেকে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর চত্বর। বিশেষ করে বিমানবন্দরের আশপাশেও চলছে নজরদারি। বিমানবন্দর সংলগ্ন অংশে কোথাও ড্রোন, হট বেলুন দেখা যাচ্ছে কি না, সেদিকে কড়া নজরদারি রেখেছেন সিআইএসএফ জওয়ানরা। বিমানযাত্রীদের পরিচয়পত্র, ব্যাগ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ