Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নিত্যদিন দেরিতে ছাড়ছে হলদিবাড়ি প্যাসেঞ্জার, এনজেপিতে যাত্রীবিক্ষোভ

নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় মঙ্গলবার সকালে যাত্রীবিক্ষোভে উত্তাল হয়ে উঠল নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশন

নিত্যদিন দেরিতে ছাড়ছে হলদিবাড়ি প্যাসেঞ্জার, এনজেপিতে যাত্রীবিক্ষোভ
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় মঙ্গলবার সকালে যাত্রীবিক্ষোভে উত্তাল হয়ে উঠল নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশন। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা পর ছাড়া হচ্ছে। এর জেরে শিলিগুড়ি থেকে জলপাইগুড়িগামী অফিসযাত্রীদের সময়মতো কর্মস্থলে পৌঁছনো সম্ভব হচ্ছে না। এমনকী দেরির কারণে ছুটি কাটা যাচ্ছে বলেও অভিযোগ নিত্যযাত্রীদের।

Advertisement

নিত্যযাত্রীদের দাবি, প্রতিদিন সকাল ৯টায় এনজেপি থেকে ট্রেনটি ছাড়ার কথা। এই ট্রেনের উপর নির্ভর করেন শিলিগুড়ি থেকে জলপাইগুড়িগামী স্কুলশিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা। কিন্তু গত কয়েকদিন ধরে নানা অজুহাতে ট্রেনটি দেরিতে ছাড়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
নিত্যযাত্রী অভিষেক নাগ বলেন, এই ট্রেনটির উপর বহু অফিসযাত্রী নির্ভরশীল। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় জলপাইগুড়িতে পৌঁছে সময়মতো অফিস করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই এদিন সকলকে প্রতিবাদে নামতে হয়েছে।
বিক্ষুব্ধ যাত্রীদের একাংশের আরও অভিযোগ, নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে থাকলেও অন্য ট্রেনকে আগে যাওয়ার সুযোগ দেওয়া হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ঘটনাটির খোঁজ নিয়ে দেখতে হবে।
এদিন বিক্ষোভের খবর পেয়ে এনজেপি স্টেশনের রেল আধিকারিক এবং আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এনজেপি আরপিএফ পোস্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মুকেশ কুমার জানান, হলদিবাড়ি প্যাসেঞ্জার নির্ধারিত সময়ে না ছাড়ার অভিযোগেই যাত্রীরা এদিন বিক্ষোভ দেখান। পরে স্টেশন ম্যানেজারসহ রেল আধিকারিকরা যাত্রীদের আশ্বস্ত করেন, ভবিষ্যতে নির্ধারিত সময়েই ট্রেনটি ছাড়ার চেষ্টা করা হবে। এরপরই বিক্ষোভ তুলে নেন যাত্রীরা।
এদিকে, যাত্রী বিক্ষোভের জেরে এদিনও নির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ১০টার পর এনজেপি থেকে হলদিবাড়ির উদ্দেশে ট্রেনটি রওনা হয়। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ