নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরে টার্মিনাল বিল্ডিংয়ে প্রবেশের জায়গায় কোনো ট্রাফিক কর্মী থাকে না। সে কারণে ওই অংশটি বিভীষিকাময় হয়ে উঠেছে। এক বিমানযাত্রী সরাসরি ঘটনাস্থলের ছবি তুলে অভিযোগ জানিয়েছেন। এর পাশাপাশি মেনন শর্মা, সুনন্দ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক যাত্রী অভিযোগ করেছেন, বিমানবন্দরের শৌচাগারগুলির অবস্থা খুব খারাপ। ঠিকমতো পরিষ্কার করা হয় না।
দ্বৈপায়ন দীঘল নামে ওই যাত্রীর অভিযোগ, কলকাতা বিমানবন্দরে প্রবেশ দরজা সংলগ্ন এলাকাটি ভারতের যে কোনো বিমানবন্দরের তুলনায় সবচেয়ে বিশৃঙ্খল। বিমানবন্দর কর্তৃপক্ষ কি ট্রাফিক কর্মী বা যাত্রী সহায়তা কর্মী মোতায়েন করতে পারে না। একে সেখানে সারি দিয়ে গাড়ির লাইন পড়ে, তারপর বাইক, ট্যাক্সি দাঁড়ায়। তার উপর দালালদের যাত্রী ধরার পালা যোগ করলে পরিস্থিতি এককথায় বিভীষিকাময় হয়ে ওঠে। তার সঙ্গে পার্কিংয়ের এলাকার বিশৃঙ্খলা তো আছেই। ওই যাত্রীর অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিবৃতি দিয়ে দাবি জানায়, যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।